Advertisement
E-Paper

আইপিএল ফাইনালের পাঁচ দিন পরই টেস্ট! নতুন দিনলিপির সঙ্গে মানিয়ে নিতে লড়ছেন শুভমনেরা, গম্ভীরদের ভাবাচ্ছে তাপমাত্রাও

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলের কয়েক জন আইপিএল ফাইনাল খেলেছেন। অধিনায়ক শুভমন গিল ছাড়াও তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর এবং দেবদত্ত পডিক্কল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১২:০৮
picture of cricket

(বাঁ দিকে) শুভমন গিল এবং ঋষভ পন্থ (ডান দিকে)। ছবি: পিটিআই।

আইপিএল শেষ। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শুভমন গিল, ঋষভ পন্থ, লোকেশ রাহুলেরা। আইপিএলের অধিকাংশ খেলা শুরু হয় সন্ধে ৭.৩০ মিনিটে। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরু হবে সকাল ৯.৩০ থেকে। ভারতীয় শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের অনেককে পাঁত দিনের মধ্যে বদলে ফেলতে হয়েছে দিনলিপি।

আইপিএলে অনেক রাত পর্যন্ত খেলা চলায় কোনও কোনও ক্রিকেটার ঘুম থেকে উঠতেন সকাল ১১টায়। আর ভারতীয় শিবিরে প্রাতঃরাশের টেবিলে উপস্থিত হতে হচ্ছে সকাল ৮.৩০-এর মধ্যে। গৌতম গম্ভীরের শিবিরে অনেকটা এগিয়ে গিয়েছে দিন শুরুর সময়। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে শুভমনদের। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলের কয়েক জন ক্রিকেটার আইপিএল ফাইনাল খেলেছেন। অধিনায়ক শুভমন ছাড়াও এই তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর এবং দেবদত্ত পডিক্কল। আইপিএল ফাইনালের দু’দিন পরই তাঁদের যোগ দিতে হয়েছে চণ্ডীগড়ে টেস্টের প্রস্তুতি শিবিরে। ক্রিকেটারদের নতুন দিনলিপির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাদ্রিয়ান লে রু।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখতে বলেছেন, ‘‘নতুন দৈনিক সূচির সঙ্গে মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আইপিএল আর টেস্টের সময় সম্পূর্ণ আলাদা। ক্রিকেটারেরা চেষ্টা করছে। আমাদের হাতে আরও কয়েকটা দিন সময় রয়েছে।’’ দুশখতে মেনে নিয়েছেন, ৭৫ দিন ধরে ক্রিকেটারদের শরীর যে ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গিয়েছিল, তা দ্রুত পরিবর্তন করা কঠিন। তিনি বলেছেন, ‘‘বুধবার আমরা সকালে অনুশীলন করেছি। বৃহস্পতিবার বিকালে অনুশীলন হয়েছে। আবার শুক্রবার সকালে অনুশীলন। শুক্রবার সকালের অনুশীলনটা ঐচ্ছিক। তবে দু’দিন ধরে প্রাতঃরাশের সময় প্রায় সব ক্রিকেটারই চলে আসছে। আদ্রিয়ান সকালে জিম করাচ্ছে। তাই ক্রিকেটারদের সকালে ঘুম থেকে উঠতেই হচ্ছে। নতুন সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন সব করা হচ্ছে।’’

এ ব্যাপারে ক্রিকেটারদের প্রশংসা করেছেন ভারতের সহকারী কোচ। দুশখতে বলেছেন, ‘‘আমাদের ক্রিকেটারেরা অত্যন্ত পেশাদার। ওরা জানে কী করতে হবে। সেই ভাবেই প্রস্তুতি নিচ্ছে। শনিবার সকালে নির্দিষ্ট সময়েই সকলে মাঠে পৌঁছে যাবে। আসলে ঘুমের সময়টা বদলে ফেলা কঠিন। সকলে বেশ ক্লান্তও। তাই এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওদের তৈরি করাই আমাদের কাজ। টি-টোয়েন্টি থেকে টেস্টের নিয়মে ফেরানো হচ্ছে। ২০ ওভারের ক্রিকেটের বিষগুলো থেকে ওদের মুক্ত করার কাজ চলছে। টেকনিক্যাল বেশ কিছু বদল করতে হয়। খেলার মানসিকতাও সম্পূর্ণ আলাদা। আমাদের বিশ্বাস ক্রিকেটারদের মানিয়ে নিতে সমস্যা হবে না।’’ দুশখতে জানিয়েছেন, টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে যে ধরনের অনুশীলন প্রয়োজন সবই করানো হচ্ছে ক্রিকেটারদের।

আরও একটি বিষয় ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। আইপিএলের ম্যাচগুলি মূলত হয় সন্ধের সময়। সে সময় তাপমাত্রা কম থাকে। টেস্ট শুরু হবে সকালে। ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াল তাপমাত্রায় খেলতে হবে। তার উপর অনেক বেশি সময় মাঠে থাকতে হবে। এটাও সমস্যা ফেলতে পারে ক্রিকেটারদের। উল্লেখ্য, ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট শুরু শনিবার ৬ জুন।

India vs Afghanistan test cricket Shubman Gill Ryan ten Doeschate Gautam Gambhir IPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy