ভোটের আগে ডিএলএড কলেজগুলিতে বিতরণ করা হবে হিন্দি ও উর্দু ভাষায় ছাপা বই। হবু শিক্ষকেরা সরকারি উদ্যোগে ছাপানো এই বই হাতে পাবেন বলে জানা গিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে।
সূত্রের খবর, স্টেট কাউন্সিল অব এডুকেশনাল অ্যান্ড রিসার্চ (এসসিইআরটি) এ সব বই তৈরির দায়িত্বে রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই দু’টি ভাষায় বই ছাপার ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। যদিও দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলা, ইংরেজি এবং অলচিকি ভাষার বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। উর্দু এবং হিন্দিতে বাকি ছিল। এ বার সেগুলিই প্রকাশিত হচ্ছে।
এসসিইআরটি সূত্রের খবর, গোটা রাজ্যে তাঁদের অধীনে ৬২টি কলেজে রয়েছে। সেখানে প্রায় ৬ হাজারের বেশি পড়ুয়া রয়েছেন। সরকারি বই না থাকায় বেসরকারি প্রকাশনা সংস্থার বই ভরসা ছিল পড়ুয়াদের। কিন্তু ২০১৯ সালে রাজ্যের সরকার সিদ্ধান্ত নেয়, তাঁদের বই দেওয়া হবে। এরপর ২০২২-এ বাংলা, ২০২৩-এ অলচিকি ২০২৪-এ ইংরেজি ভাষায় বই প্রকাশিত হয়। নানা কারণে ২০২৫-এ কোনও বই প্রকাশ না করে ২০২৬-এ উর্দু এবং হিন্দিতে বই প্রকাশ করতে চলেছে দফতর।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “বইপ্রকাশের উদ্যোগ ভাল। কিন্তু এর সঙ্গে যদি রাজনৈতিক উদ্দেশ্য জড়িয়ে যায়, তা হলে তা কাম্য নয়।”