নির্বাচনী প্রচারে গিয়ে বেরিয়ে আবার আক্রান্ত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। ভাঙল তাঁর গাড়ির কাচ। জখম হলেন বিজেপির এক কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
বিজেপির দাবি, মঙ্গলবার কেশরিবাড়ি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তাদের প্রার্থী। সেখানে বিনা প্ররোচনায় অতর্কিত হামলা চালান তৃণমূলের লোকজন। প্রার্থী রবীন্দ্রনাথের সঙ্গে থাকা একটি গাড়ি আটক করে তাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনায় যুব মোর্চার শহর মণ্ডল সম্পাদক অজিত দাস গুরুতর আহত হয়েছেন। তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, তিন দিন প্রচারে বেরিয়েছেন। তিন দিনই আক্রান্ত হয়েছেন। রবীন্দ্রনাথ বলেন, ‘‘কোচবিহার শহরের বুকে তৃণমূলের কাউন্সিলরদের নেতৃত্বে আমাকে ঘেরাও করে চটি দেখানো হয়। অকথ্য ভাষায় গালাগালি করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘সোমবার ঘুঘুমারি এলাকায় আমার গাড়ি আটকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গালাগালি করেছেন। আজ কোচবিহার-১ ব্লকের একটি গ্রামে আমাদের বৈঠক ছিল। সেখানে তৃণমূলের বহিরাগতেরা এসে বিজেপির দলীয় পতাকা খুলে আগুন ধরিযে দেয়। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় গাড়ি ভেঙেছে। আমাদের এক কর্মীকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।’’
আরও পড়ুন:
বিজেপি প্রার্থী আঙুল তুলেছেন পুলিশের দিকে। তাঁর অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না। তিনি পুরো ঘটনা রাজ্য বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানাবেন।
পাল্টা তৃণমূলের জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, এসআইআরে প্রচুর সাধারণ মানুষের নাম বাদ দিয়েছে। তাঁরা বিজেপি নেতা-কর্মীদের দেখলে ক্ষোভপ্রকাশ করছেন। এখানে আমাদের কেউ যুক্ত নন। আমরা চাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন।’’