Advertisement
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

নবান্ন অভিযান

বিবেচনাধীনদের প্রথম তালিকা কি প্রকাশিত হবে শুক্রবার! দিনভর চলল বৈঠক, তার পরেও নেই নিশ্চয়তা

বৃহস্পতিবার হাই কোর্ট থেকে ফিরে রাজ্যের সিইও মনোজের দফতরে তাঁর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:২৯

— প্রতীকী চিত্র।

রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা কি প্রকাশিত হবে শুক্রবার! বৃহস্পতিবার সকাল থেকে তিনটি বৈঠক হয়েছে। তার পরেও সেই নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ২৪ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ।

বৃহস্পতিবার সকালে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কমিশন সূত্রে খবর, ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যের কোথাও আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

তার পরেই বৃহস্পতিবার বিকেলে আবার তড়িঘড়ি বৈঠক ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয়। বৈঠকে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশ নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। তবে তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলেই জানিয়েছে একটি সূত্র। হাই কোর্ট থেকে ফিরে রাজ্যের সিইও মনোজের দফতরে তাঁর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। মনে করা হচ্ছে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েই হয়েছে পর পর তিনটি বৈঠক। তবে তালিকা প্রকাশ কি আদৌ শুক্রবার হবে, তা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তবে তা ছিল অসম্পূর্ণ। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। এই কাজের গতি আগের চেয়ে বেড়েছে। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন। সিইও দফতর সূত্র জানা গিয়েছে, এই গতিতে চললে ভোটের আগে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে যেতে পারে।

তবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে এখনও পর্যন্ত আর অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়নি। সেই প্রথম তালিকা কবে প্রকাশিত হবে, তা এখনও স্পষ্ট হয়নি। বিবেচনাধীন ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজ করছেন বিচারকেরা।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে। ভোটের ফল জানা যাবে ৪ মে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সে ক্ষেত্রে ভোটের আগে যদি সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হয়, ঝুলে থাকা ভোটারদের কী হবে, তাঁরা ভোট দিতে পারবেন কি না, স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টকে এ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে হবে। তবে সময়ের মধ্যেই সকল বিবেচনাধীন নামের নিষ্পত্তি করে ফেলতে চান বিচারকেরা। এর পরেও যাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

সংক্ষেপে
  • রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বুধবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না!
  • পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ‘সক্রিয়তা’ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভাবে অপসারণের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লেখেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না-করে বা কোনও মতামত না-নিয়ে বদলি করা হচ্ছে। তিনি আরও জানান, অতীতে নির্বাচন চলাকালীন কোনও গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে তিন জনের একটি প্যানেল চাওয়া হত। সেই তালিকা থেকে কমিশন নিজেই এক জনকে বেছে নিত। মুখ্যমন্ত্রী দাবি করেন, এ বার সেই প্রচলিত রীতির সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে। প্রার্থিতালিকা ঘোষণার আগেও কমিশনকে এ বিষয়ে তোপ দাগেন মমতা। নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy