—প্রতীকী চিত্র।
ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেল বীরভূমের নানুর সন্তোষপুর গ্রামের আবির শেখ(৪৫) নামে এক তৃণমূল কর্মীর। অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা তাঁকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে।
চুঁচুড়ার ৮ ও ১০ নম্বর এবং বাঁশবেড়িয়ার ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ত্রিবেণীতে তৃণমূলের কার্য়ালয় ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফুলতলা পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সীতাকুণ্ড মোড়ে অবস্থিত ওই পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং সেখানে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়।
বারুইপুরে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ। —নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পেটকুল চাঁদ এলাকায় বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মীরা রাতে বাইকে করে ফেরার সময়ে তাঁদেরকে রড ও লাঠি দিয়ে মরধর করা হয়। বিজেপির দাবি, এই ঘটনায় অন্তত ১৫ জন কর্মী জখম হয়েছেন, যার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। জখমদের দেখতে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে যান পরাজিত বিজেপি প্রার্থী মাধবী মহলাদার। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূলের দলীয় কার্যালয়ে কোথাও উঠেছে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। কোথাও উঠেছে কার্যালয় দখল করে নেওয়ার অভিযোগ। মেদিনীপুরের হবু বিজেপি বিধায়ক শঙ্কর গুচ্ছাইত অবশ্য দাবি করেছেন, যাঁরা হামলা চালাচ্ছেন তাঁদের সঙ্গে দলের কোনও যোগ নেই। পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। খড়গপুর (গ্রামীণ)- এর হবু তৃণমূল বিধায়ক দীনেন রায়ের অভিযোগ, বিজেপি হামলা চালাচ্ছে। জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সেই অভিযোগ জানানো হয়েছে।
সোমবার যাদবপুর ৮বি-তে অভিযোগ উঠেছিল, লেনিনের মূর্তিতে গেরুয়া আবীর ছেটানোর। মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপত সিংহ কলেজের সামনে থাকা লেনিনের আবক্ষ মূর্তি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক দল যুবকের বিরুদ্ধে। তাঁদের হাতে ছিল রড, হাতুড়ি, শাবল। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সামনেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে।
মূর্তি ভাঙার মুহূর্ত। —নিজস্ব চিত্র।
তৃণমূলের অভিযোগ, বিজয়ী আইএসএফ-এর নেতা-কর্মীরা রাতভর তাণ্ডব করেছেন ভাঙড়ের বিভিন্ন এলাকায়। অন্য দিকে, বেঁওতায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ, এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানো ও মহিলা-সহ পরিবারের সদস্যদের মারধর করার। নিমকুড়িয়া গ্রামেও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে তৃণমূল।
মুর্শিদাবাদ জেলার ডোমকলে জয়ী হয়েছেন বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান। অভিযোগ, মঙ্গলবার রাতে নির্বাচিত হবু বিধায়কের এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে যুগিন্দা রথতলা পাড়ায় এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুস্কৃতীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে।
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তাঁর গলায় গুলি লেগেছে। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, কাজ সেরে নিজের পোল্ট্রি ফার্ম থেকে বাড়ি ফিরছিলেন শফিকুল। সেই সময়ে একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। শফিকুল গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়লে স্থানীয়েরা ছুটে আসেন। ততক্ষণে চম্পট দেয় দুস্কৃতীরা।
তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy