Advertisement
E-Paper

প্রতিটি বিধানসভা কেন্দ্রে এ বার ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসাচ্ছে তৃণমূল! স্থানীয়দের চাহিদা অনুসারে লেখা থাকবে ১০ প্রতিশ্রুতি

শাসকদল সূত্রে খবর, রাজ্যের ২৯১টি কেন্দ্রেই এই ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসানো হবে। প্রত্যেক স্তম্ভে লেখা থাকছে ১০টি করে প্রতিজ্ঞা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৪১
রাজ্যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসাচ্ছে তৃণমূল।

রাজ্যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসাচ্ছে তৃণমূল। — নিজস্ব চিত্র।

নির্বাচনী ইস্তাহারের পরে এ বার প্রতিটি বিধানসভায় স্থানীয় স্তরের ইস্তাহার প্রকাশের পথে হাঁটল তৃণমূল। প্রথম দফায় যে সব আসনে ভোট রয়েছে, সেখানে ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। বসানো হচ্ছে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’, যেখানে থাকছে স্থানীয় স্তরে এলাকাবাসীর চাহিদা পূরণের প্রতিশ্রুতি।

এর আগে বিজেপি স্থানীয় স্তরে তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করেছিল। মনে করা হচ্ছে, তারই পাল্টা হিসাবে এ ভাবে প্রচারের পথে হাঁটছে তৃণমূল। শাসকদল সূত্রে খবর, রাজ্যের ২৯১টি কেন্দ্রেই এই ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসানো হবে। প্রত্যেক স্তম্ভে লেখা থাকছে ১০টি করে প্রতিজ্ঞা, যা স্থানীয় ভোটারদের কাছে করছেন তৃণমূলের প্রার্থীরা। সেই তালিকায় সেতু, রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি-সহ স্থানীয়দের চাহিদার কথা তুলে ধরা হয়েছে। তৃণমূল নেতাদের একাংশের দাবি, দেশে অন্য কোনও দলের প্রার্থী এ ভাবে নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে গিয়ে স্থানীয় চাহিদা বুঝে প্রতিজ্ঞা করেননি। প্রকাশ্যস্থানে স্তম্ভের গায়ে লেখা থাকছে সেই প্রতিজ্ঞা। ফলে ভোট মিটলেও তা মুছে যাবে না। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই প্রতিজ্ঞাগুলি প্যামফ্লেটে লিখে বিধানসভা কেন্দ্রের প্রতি বাড়ি বাড়ি বিলি করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকাল সম্পর্কে ‘চার্জশিট’ প্রকাশ করে বিজেপি। কলকাতায় এসে তা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৫টি ক্ষেত্র নির্দিষ্ট করে মমতার ১৫ বছরের শাসনকালকে আক্রমণ করা হয়। তার পরে বিজেপি স্থানীয় স্তরে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করে। তারই পাল্টা দিল তৃণমূল।

Advertisement

প্রসঙ্গত, এর আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল। সেখানে ‘১০ প্রতিজ্ঞা’র কথা জানিয়েছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা। সপ্তম পে কমিশন থেকে মহার্ঘ ভাতা মেটানো, দুয়ারে চিকিৎসা, সব বাড়িতে পরিশ্রুত জল সরবরাহ-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এ বার স্থানীয়দের চাহিদা, প্রয়োজন অনুসারে প্রতি বিধানসভা কেন্দ্রে আলাদা করে ‘প্রতিজ্ঞা’ তুলে ধরেছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy