সোমবার থেকে অসুস্থ পড়েছেন অভিনেতা সুদীপ সরকার। সদ্য একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। সোমবার আচমকাই শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্ভবত পেটের সমস্যা থেকেই বাড়াবাড়ি হয়েছে। আগের দিন জ্বরও এসেছিল বলে জানা গিয়েছে। এখন কেমন আছেন অভিনেতা?
সুদীপের স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুদীপকে। পর্যবেক্ষণের জন্য চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে রেখেছেন। তবে আগের চেয়ে ভাল আছেন অভিনেতা। অনিন্দিতাকে মেসেজ করা হলে উত্তরে তিনি লেখেন, “আগের চেয়ে অনেকটা ভাল আছে সুদীপ। চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।” জানা গিয়েছে, কোনও খাবার থেকেই সমস্যা হয়েছে অভিনেতার।
আরও পড়ুন:
উল্লেখ্য, ছোটপর্দার দাপুটে খলনায়ক সুদীপ। একের পর এক দুষ্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘ফুলকি’ ধারাবাহিকে সুদীপের চরিত্র বিপুল আলোচিত হয়েছিল। তার পরে বেশ কয়েক মাস পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন সুদীপ। মেয়ে হওয়ার পরে খুব যে বেশি দিন ছুটি নিতে পেরেছিলেন তা নয়। তাই ‘ফুলকি’ শেষ হয়ে যাওয়ার পরে কিছু দিনের ছুটিতে ছিলেন তিনি। মেয়ের সঙ্গে চুটিয়ে সময় কাটিয়েছেন এই কয়েক মাস। আবার এখন নতুন ভাবে ছোটপর্দায় দেখা যাচ্ছে তাঁকে। সুদীপের সুস্থ হয়ে ওঠার কামনা করছেন অনুরাগীরা।