Advertisement
E-Paper

‘ওরা যেন আমাকে মেরে না ফেলে’, কেন এমন মন্তব্য বিক্রান্তের? ‘মির্জ়াপুর’ নিয়ে ক্ষোভ রয়েছে অভিনেতার?

প্রথম সিজ়নের শেষে মৃত্যু হয় বিক্রান্ত ম্যাসি অভিনীত চরিত্র বাবলু পণ্ডিতের। চরিত্রটিকে ফিরিয়ে আনা হলেও, বিক্রান্ত ফেরেননি। বাবলুর চরিত্রে অভিনয় করছেন ‘পঞ্চায়েত’-খ্যাত অভিনেতা জিতেন্দ্র কুমার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:৪৪
কেন বিক্রান্ত ফিরলেন না ‘মির্জ়াপুর: দ্য মুভি’-তে?

কেন বিক্রান্ত ফিরলেন না ‘মির্জ়াপুর: দ্য মুভি’-তে? ছবি: সংগৃহীত।

জনপ্রিয় ওটিটি সিরিজ মির্জ়াপুর নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এ বার সেই সিরিজ় উঠে আসছে বড়পর্দায়। ‘মির্জ়াপুর: দ্য মুভি’ এই নামে ছবি হিসাবে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ৪ সেপ্টেম্বর। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু কোথায় বিক্রান্ত ম্যাসি? এই প্রশ্ন উঠছে।

ওটিটিতে ‘মির্জ়াপুর’-এর তিনটি সিজ়ন রয়েছে। এই তিনটি সিজ়নে মৃত্যু হয়েছে বহু গুরুত্বপূর্ণ চরিত্রের। তাদের মধ্যে অন্যতম দিব্যেন্দু অভিনীত মুন্না ভাইয়া। সেই চরিত্রকে ফিরিয়ে আনা হচ্ছে বড়পর্দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘কম্পাউন্ডার’ চরিত্রটিও ফিরছে। প্রথম সিজ়নের শেষে মৃত্যু হয় বিক্রান্ত ম্যাসি অভিনীত চরিত্র বাবলু পণ্ডিত। চরিত্রটিকে ফিরিয়ে আনা হলেও, বিক্রান্ত ফিরছেন না। বাবলুর চরিত্রে অভিনয় করছেন ‘পঞ্চায়েত’-খ্যাত অভিনেতা জিতেন্দ্র কুমার। এখানেই দর্শকের প্রশ্ন, বিক্রান্ত কেন ফিরলেন না?

বিক্রান্ত কেন এই জনপ্রিয় চরিত্র থেকে সরে গেলেন, তা এখনও জানা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ‘মির্জ়াপুর’-এর সফর নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। প্রথম সিজ়নের কথা মনে করে তিনি জানান, এখনও তাঁর মনে হয়, নির্মাতারা তাঁর চরিত্রটি মেরে না ফেললেই ভাল হত। হাসতে হাসতেই বিক্রান্ত বলেন, “আমি সব সময়ে চাইতাম, ওরা যেন আমাকে মেরে না ফেলে।”

তিনি আরও জানান, যখন প্রথম তিনি এই কাজের চুক্তিতে সই করেছিলেন, তখন তিনি ভাবতেই পারেননি যে তাঁর চরিত্র বা সিরিজ়টি এত বড় জনপ্রিয়তা পাবে। বিক্রান্ত বলেন, “আমার খুব ভাল ভাবে মনে আছে, সিরিজ়টি মুক্তির দিন আমি লখনউয়ে ছিলাম। আমি তখন ‘রামপ্রসাদ কী তেহরবী’ নামে একটি ছবির শুটিং করছিলাম। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুটিং চলছিল। আমি ভোর ৬টা বা সাড়ে ৬টার দিকে সেটে পৌঁছেছিলাম। তখনও পুরোপুরি আলো ফোটেনি।”

শুটিং শেষ হওয়ার সময়ে সেটের বাইরে হঠাৎ হই চই শুরু হয়। ক্রমশ বোঝা যায়, সেটের বাইরে প্রায় দু’তিনশো লোক জড়ো হয়েছেন। কারণ, খবর ছড়িয়ে পড়েছিল যে ‘বাবলু ভাইয়া’ সেখানে শুটিং করছেন। বিক্রান্তের কথায়, “এটা ঘটেছিল মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। রাত ১২টায় সিরিজ় মুক্তি পেয়েছিল, আর পরের দিন সন্ধ্যার ঘটনা এটা। অর্থাৎ ১৭-১৮ ঘণ্টার মধ্যেই মানুষ আমাকে চিনতে শুরু করেছিল। অনেকে আবার ছবি তোলার জন্য বাইক নিয়ে আমার গাড়ির পিছু নিয়েছিল। তখন আমরা বুঝেছিলাম যে, সত্যিই ভাল কিছু তৈরি করেছি আমরা। মানুষের পছন্দ হয়েছে।”

কিন্তু কেন এত জনপ্রিয় একটি কাজে বিক্রান্ত ফিরলেন না, তা নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। নির্মাতারাও কোনও মন্তব্য করেননি।

Vikrant Massey Mirzapur

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy