চলতি বছর জানুয়ারি মাসে ছড়িয়েছিল বিচ্ছেদের খবর। অবশেষে গৌরব খন্নার সঙ্গে বিচ্ছেদে সিলমোহর দিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা। নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লকআপ সিজ়ন ২’-তে এসে জানান তিনি।
‘বিগ বস্ ১৯’-এ জয়ী হয়েছিলেন গৌরব খন্না। তখন তাঁর স্ত্রী হিসাবে প্রতিযোগী হয়ে এসেছিলেন আকাঙ্ক্ষা। সেই সময়ে প্রকাশ্যে তিনি জানিয়েছিলেন, সন্তানের মা হতে চান না। অন্য দিকে, একাধিক বার গৌরব জানান, তিনি সন্তান পছন্দ করেন। যদিও নিজেদের সুখী দম্পতি হিসাবেই তুলে ধরেছিলেন তাঁরা। কিন্তু ‘লকআপ’-এ এসে আকাঙ্ক্ষা জানান, গত এক বছর ধরেই তাঁরা আলাদা থাকছেন। অথচ, ২০২৫-এর ৭ ডিসেম্বর ‘বিগ বস্ ১৯’-এর অন্তিম পর্বে তিনি এসেছিলেন গৌরবের স্ত্রী হিসাবেই।
‘লকআপ’-এ সমস্তটা ফাঁস করেন আকাঙ্ক্ষা। তিনি জানান, গৌরবের সঙ্গে আইনি মতে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। অভিনেত্রী বলেন, “গৌরব ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।” সমাজমাধ্যমে যাঁদের সুখী দম্পতি হিসাবে দেখা যায়, তাঁদের সম্পর্কে এই খবর শুনে স্তম্ভিত হয়ে যান সকলে। অন্য দিকে, আকাঙ্ক্ষা আরও বলেন, “আমরা গত এক বছর ধরে আলাদা থাকছি। বিষয়টা এতদিন জনসমক্ষে আসেনি।” বলতে বলতে গলা কেঁপে যায় আকাঙ্ক্ষার। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অন্যেরা সান্ত্বনা দিতে থাকেন তাঁকে।
বিচ্ছেদের পথে হাঁটলেও গৌরবের সঙ্গে কোনও তিক্ততা তৈরি হয়নি বলেও জানান আকাঙ্ক্ষা। তাঁর কথায়, “আমাদের মধ্যে সবকিছু খারাপ হয়ে গিয়েছে, এমন নয়। আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি। তবে আমরা সঙ্গী হিসাবে পরস্পরের জন্য উপযুক্ত নই। আমরা নিজেদের ভবিষ্যৎকে সম্পূর্ণ ভিন্ন ভাবে দেখি। আমরা গত এক বছর ধরে চেষ্টা করেছি। আমরা একসঙ্গেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
রিয়্যালিটি শো-এর সঞ্চালক রিতেশ দেশমুখ প্রশ্ন করেন, “‘বিগ বস্’-এর সময়েও কি এই সমস্যা চলছিল?” উত্তরে আকাঙ্ক্ষা মাথা নেড়ে সম্মতি জানান।
জানুয়ারি মাসে খবর ছড়ায়, আকাঙ্ক্ষা ও গৌরব বিচ্ছেদের পথে হাঁটছেন। অভিনেত্রীর একটি পোস্ট ঘিরেই এই জল্পনার সময় তৈরি হয়েছিল। তখন অবশ্য তিনি বলেছিলেন, “আমার বৈবাহিক সম্পর্কে কোনও সমস্যাই তৈরি হয়নি। আমি যে পোস্টটি করেছিলাম তার সঙ্গে গৌরবের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার মানুষ নই। এই পোস্টটি আমার আসন্ন কাজের প্রচারের জন্য ছিল।”