সদ্য গিয়েছে জন্মদিন। অভিনেত্রী অনুষা বিশ্বনাথনকে পর্দায় দেখার জন্য উদ্গ্রীব দর্শক। শুধু বড়পর্দা নয়, অভিনেত্রী অনেক ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এ বার মৈনাক ভৌমিকের নতুন সিরিজ়ে দেখা যাবে অভিনেত্রীকে। বিপরীতে দেখা যাবে কোন অভিনেতাকে?
প্রেম, সম্পর্কের কাহিনিকে কেন্দ্র করেই মূলত এগোবে কাহিনি। নতুন কাজ প্রসঙ্গে পরিচালক মৈনাক বললেন, “অনুষা এবং শাওন রয়েছে এই সিরিজ়ে।” গত কয়েক দিনে অভিনেতা শাওন চক্রবর্তীও বেশ আলোচিত। সম্প্রতি তাঁকে ‘কাটাকুটি ২’ সিরিজ়ে দেখেছে দর্শক।
মৈনাক বললেন, “এই গল্পকে আমি রিলেশনশিপ ফ্যান্টাসি বলতে পারি। সম্পর্কের গল্পের সঙ্গে একটা জাদুর ছোঁয়া। গল্পটা কলকাতার না কোথাকার সেটাও সঠিক ভাবে বলা নেই। ফ্যান্টাসির মধ্যে সম্পর্ক টেকে কি টেকে না সেটাই মূল বিষয়। তার পরে তো নানা ধরনের পরত থাকবে।”
একটি নতুন প্ল্যাটফর্ম আসছে। সেখানেই দেখা যাবে এই ওয়েব সিরিজ়। কলকাতার বিভিন্ন অঞ্চলে এই সিরিজ়ের শুটিং করেছেন মৈনাক। এই নতুন প্ল্যাটফর্মের জন্য আরও বেশ কিছু সিরিজ় তৈরি হচ্ছে। তার মধ্যে আর একটি হল শ্যামৌপ্তি মুডলী, সৌম্য মুখোপাধ্যায় এবং সুহোত্র মুখোপাধ্যায়ের সিরিজ়। শোনা যাচ্ছে, পরিচালক দেবালয় ভট্টাচার্যও একটি নতুন সিরিজ় তৈরি করছেন।