‘বিগ বস্ ১৬’ থেকে নজর কেড়েছিলেন আয়শা খান। সেখান থেকে বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গানে নেচে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে বিতর্কেও জড়িয়েছেন। আয়শা জানিয়েছিলেন, ঋতুস্রাব চলাকালীন এই গানে নাচতে হয়েছিল তাঁকে। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন তিনি। নিজের হয়ে যুক্তিও দিয়েছেন আয়শা। এ বার আয়শা জানালেন তাঁর একটি বিষয় নিয়ে নিরাপত্তাহীনতা রয়েছে।
আয়শা জানান, তাঁর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। দীর্ঘাঙ্গী হয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। উচ্চতার জন্য ছবি থেকে বাদও পড়তে হয়েছে তাঁকে। আয়শা বলেছেন, “অনেকেই জানেন না, আমি কিন্তু বেশ লম্বা। এটাই মাঝে মঝ্যে আমার বিপক্ষে চলে যায়। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। এমন বহু বার হয়েছে, কাজ পেতে পেতেও আমি পাইনি। কারণ, নায়ক হয়তো উচ্চতায় ছোট। তাঁরা হয়তো দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সঙ্গে স্বচ্ছন্দ বোধ করেন না। তাই মনে হয়, উচ্চতা একটু কম হলে ভালই হত।” এই মন্তব্যের জন্য ফের কটাক্ষের মুখে পড়েছেন আয়শা। নিন্দকদের দাবি, অভিনেত্রীর উচ্চতা মোটেই ৫ ফুট ৭ ইঞ্চির বেশি নয়। তাঁদের আরও দাবি, “আজকাল উচ্চতা কোনও বিষয় নয়। কোনও পুরুষ অভিনেতা এই বিষয়ের জন্য আজকাল অস্বস্তিতে ভোগেন না। বহু দীর্ঘাঙ্গী অভিনেত্রীর সঙ্গে উচ্চতায় ছোট অভিনেতারা কাজ করেছেন।”
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে, ‘শরারত’ গানের শুটিং নিয়ে আয়শা বলেন, ““প্রচণ্ড চাপ ছিল সেই দিন। আমাদের সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য আমার শরীরে বাড়তি ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম।” এই মন্তব্য নিয়ে হাসিঠাট্টা শুরু হয় সমাজমাধ্যমে। সেই প্রসঙ্গে আয়শা আর এক সাক্ষাৎকারে বলেন, “প্রতি মাসে আমরা এই চক্রের মধ্যে দিয়ে যাই। ঋতুস্রাবের সময় আমরা অনেক কিছুই করি। অথচ আমার বিষয়টা খোরাকে পরিণত হল। তবে আমি একজন গর্বিত নারী। এই অবস্থায় যা যা করি, তা নিয়ে আমি সত্যিই অত্যন্ত গর্বিত।”