দিদি দেবাদৃতা বসু ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ নায়িকা। বোন দেবপ্রিয়া বসুও ধারা বজায় রাখছেন। স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন ধারাবাহিক ‘দুলারি’র নায়িকা তিনি। দেবপ্রিয়া ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় নায়ক সূর্যের দুই কন্যার একজন হয়েছিলেন।
সব ঠিক থাকলে ‘দুলারি’র শুটিং শুরু মঙ্গলবার থেকে। পুরুলিয়ার এক মেয়ের চোখে অনেক স্বপ্ন। সে কলকাতায় আসবে। নিজেকে প্রতিষ্ঠিত করবে। দুলারি কি পারবে স্বপ্নপূরণ করতে? আপাতত ধারাবাহিকের গল্প এই পথেই এগোবে। পার্শ্বচরিত্র থেকে নায়িকার ভূমিকায়। দেবপ্রিয়া নিশ্চয়ই আনন্দে মেঘমুলুকে? প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। দেবপ্রিয়ার কণ্ঠে সংযত উচ্ছ্বাস। বললেন, “অবশ্যই। বিশেষ করে স্বর্ণদার মতো পরিচালকের ধারাবাহিকে হাতেখড়ি। চাপটাও বেড়ে গেল। একদিকে, দুলারির মতো স্বপ্নপূরণের ইচ্ছা। অন্য দিকে, নিজেকে প্রমাণ করা।”
দেবপ্রিয়া গ্রাম দেখেছেন। কিন্তু বসবাস করেননি। তিনি জানেন না, গ্রামের মেয়েকে কত রকমের লড়াই লড়তে হয়। অথবা, শহরে তাদের জন্য কী কী বিপদ ওত পেতে থাকে। আদ্যন্ত শহুরে এক কন্যা পর্দায় গ্রাম্য। চ্যালেঞ্জ নিলেন কিসের জোরে? দেবপ্রিয়ার কথায়, “তার জন্য চিত্রনাট্যের উপরে নির্ভর করছি। বারে বারে স্ক্রিপ্ট পড়ছি। পরিচালক যা বলছেন, মন দিয়ে শুনছি।” নতুন নায়িকা জানালেন, এই একটি বিষয়ে দুলারির সঙ্গে তাঁর বেশ মিল। “দুলারির মতো আমিও কোনও কাজ শুরু করার আগে মন শক্ত করি এই ভেবে, কাজটা ঠিক পারব।” দিদি কি বোনকে পরামর্শ দিচ্ছেন? “একা দিদি নয়, বাবার সঙ্গেও আলোচনা করে নিচ্ছি। সকলের সঙ্গে আলোচনা করে তার পর নিজের চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব।”
নতুন ধারাবাহিক ‘দুলারি’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ছবি: ফেসবুক।
নতুন ধারাবাহিক নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে কথা বলেছেন পরিচালক স্বর্ণেন্দুও। তাঁর কথায়, “চেষ্টা করি, নতুন অভিনেতাদের তুলে আনার। এ বারেও সেই চেষ্টা অব্যাহত রইল।” দেবপ্রিয়া অভিনেত্রী হিসাবে কেমন? পরিচালকের সাফ জবাব, “শুধুই প্রচার-ঝলক শুট হয়েছে। সেই প্রচার-ঝলক খুব তাড়াতাড়ি সামনে আসবে। দর্শক বরং সেটা দেখে বলুন, দেবপ্রিয়া কেমন অভিনেত্রী। আমার বলার থেকেও দর্শকের রায় বেশি দামি।” স্বর্ণেন্দুর ধারাবাহিকে সবাই তাঁর অভিনেত্রী-স্ত্রী শ্রুতি দাসকে আশা করেন। এই ধারাবাহিকে কি কোনও ভাবে শ্রুতি থাকবেন? “ও তো অন্য ধারাবাহিক করছে। কী করে আমার সঙ্গে কাজ করবে?”, বললেন পরিচালক।
দেবপ্রিয়া ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এ বার তিনিও নায়িকা। তাই দিদির জোরে বোন নায়িকা, এ রকম আলোচনা আগামী দিনে হয়তো তাঁকে শুনতে হতে পারে। একই সঙ্গে তুল্যমূল্য বিচার হবে দেবাদৃতা-দেবপ্রিয়ার মধ্যে। সে সব সামলাতে মানসিক দিক থেকেও কি প্রস্তুত নতুন নায়িকা? অভিনেত্রীর ঝটিতি জবাব, “দিদির জোরে আমি নায়িকা— এ রকম কোনও কথা এখনও শুনিনি। তবে এ ধরনের আলোচনা হলে খুবই আঘাত পাব। কারণ, অডিশন দিয়ে ‘দুলারি’ চরিত্রটি পেয়েছি।” তবে দিদি-বোনের অভিনয় নিয়ে যে তুলনা হবে, সেটা তিনি জানেন। বিষয়টি নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না দেবপ্রিয়া। পাল্টা জানিয়েছেন, বাইরে যা খুশি আলোচনা হোক। বাড়িতে তো তাঁরা ‘দিদি-বোন’! সেখানে কোনও প্রতিযোগিতা নেই।