Advertisement
E-Paper

‘ঈশ্বরভক্ত হয়ে এমন পোশাক’! শার্লির গোয়া ভ্রমণের ছবি ঘিরে কটাক্ষ, কী উত্তর দিলেন নায়িকা?

ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই জানেন, শার্লি খুবই আধ্যাত্মিক মনের মানুষ। সমুদ্রের ধারে অভিনেত্রীর বিকিনি পরা ছবি দেখে তাই চারিদিকে আলোচনা শুরু।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৮:৫০
সমালোচনার সম্মুখীন অভিনেত্রী শার্লি।

সমালোচনার সম্মুখীন অভিনেত্রী শার্লি। ছবি: সংগৃহীত।

বিয়ের পর থেকে দু’জনে একেবারেই সময় পাননি। তাই সে ভাবে কোথাও ঘুরতে যাওয়াও হয়নি অভিনেত্রী শার্লি মোদক এবং অভিনেতা অভিষেক বসুর। তাই দু’জনের শুটিং মিটতেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেন। গোয়া ঘুরতে গিয়েছিলেন তাঁরা। বেশ কিছু ছবিও ভাগ করে নেন শার্লি। তাতেও নেতিবাচক মন্তব্য এবং নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই জানেন, শার্লি খুবই আধ্যাত্মিক মনের মানুষ। সমুদ্রের ধারে অভিনেত্রীর বিকিনি পরা ছবি দেখে তাই চারিদিকে আলোচনা শুরু হয়েছে। ফেব্রুয়ারির শেষেই গোয়া থেকে ফিরেছেন অভিনেত্রী। এত কিছুর মাঝে কোনও নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন শার্লি। অনর্গল বলে চললেন, তিনি কতটা উপভোগ করেছেন গোয়ায় কাটানো প্রতিটা দিন।

শার্লি বললেন, “আমার বাড়ি পাহাড়ে। বিয়ের পরে যখন বাড়ি গিয়েছিলাম, তখন এক দিনের জন্য কালিম্পং ঘুরে এসেছিলাম। কিন্তু তার পরেই ভেবেছিলাম, দু’জনের ধারাবাহিক শেষ হলেই আমরা ঘুরতে যাব কোথাও। তাই এই বার আমিই পরিকল্পনা করলাম গোয়া ঘুরতে যাওয়ার। খুব আনন্দ করেছি। নানা ধরনের মাছ খেয়েছি। আমি তো মাংস খাই না। এত মাছ খেয়েছি যে এখন কলকাতায় ফিরে আর মাছ খাচ্ছি না।”

এর মধ্যেই নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গ ওঠে, শার্লি জানান, তিনি খুবই ঈশ্বরে বিশ্বাস করেন। মনেপ্রাণে আধ্যাত্মিক মানুষ। বাড়িতে গোপাল রয়েছে। অভিনেত্রী যোগ করেন, “গোপালকে বাড়িতে একা রেখে কোথাও যাই না। গোয়ায় সঙ্গে নিয়ে গিয়েছিলাম। একটা রাতও গোপালকে ছাড়া কাটাইনি।

গোয়ায় তাঁর পোশাক নিয়ে লোকজনের কটাক্ষ প্রসঙ্গে শার্লি স্পষ্ট বলেন, ‘‘আমার ঈশ্বরের প্রতি বিশ্বাসের সঙ্গে পোশাকের কোনও সম্পর্ক আছে বলে মনে হয় না। কোনও মন্দিরে যদি বিকিনি পরে যাই, তা হলে একটা প্রশ্ন উঠতে পারে। কারণ, স্থান-কাল-পাত্র বলে একটি বিষয় হয়। তেমনই সুইমিং পুলে নিশ্চয়ই ঘোমটা দিয়ে নামব না। খুবই অযৌক্তিক আলোচনা বলে আমার মনে হয় এটা।”

উল্লেখ্য, শার্লিকে দর্শক দেখেছিলেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। অন্য দিকে অভিনেতা অভিষেক অভিনয় করছিলেন ‘ফুলকি’ ধারাবাহিকে। দু’টি কাহিনিই শেষ। ফলে এখন দু’জনেই ছুটি উপভোগ করছেন। শার্লি জানিয়েছেন, বেশ কিছু কাজের কথা চলছে, এখনও চূড়ান্ত কিছু হয়নি।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy