বৈশাখী দিন। রোদ ঝলমলে। অর্জুন আর গঙ্গার মাখোমাখো মুহূর্ত। ‘গঙ্গা’ ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র। গঙ্গার চরিত্রে হিয়া মুখোপাধ্যায় আর অর্জুনের চরিত্রে সাহেব ভট্টাচার্যের পর্দার প্রেমে বুঁদ দর্শক। এর মধ্যেই নায়ক-নায়িকার নতুন ছবি এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁদের সমীকরণ নিয়ে জোর আলোচনা। নতুন ছবি প্রকাশ্যে আসার পরে মন্তব্যের বন্যা। এই মন্তব্য কি খেয়াল করেন সুস্মিতা দে?
সুস্মিতা আর সাহেবের সম্পর্ক নিয়ে দীর্ঘ দিনের আলোচনা। ভাল বন্ধু বলে দাবি করলেও, নিজেদের সম্পর্ক প্রকাশ্যে কখনও স্বীকার করেননি। তবে বাস্তবে যে তাঁদের সম্পর্ক পরিবার পর্যন্ত গড়িয়েছে, তা সমাজমাধ্যম দেখলেই আন্দাজ করা যায়। মাঝে মাঝেই সুস্মিতাকে দেখা যায় সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে। নববর্ষে পরিবারের সঙ্গে তাঁদের ছবি ইতিমধ্যেই দেখেছে দর্শক।
হিয়ার সঙ্গে সাহেবের ‘অনস্ক্রিন’ প্রেম দেখে দর্শকের মন্তব্যও নিশ্চয়ই চোখে পড়েছে সুস্মিতার! কেউ কেউ তো আবার গঙ্গা, অর্জুনের বাস্তবজীবনে প্রেমের গুঞ্জনও শুরু করে দিয়েছেন। এই প্রেক্ষিতে সুস্মিতা বলেন, “আমার খুব ভাল লাগছে। ধুর, এত সব মন্তব্য দেখি না। বরং আমার তো খুবই ভাল লাগছে ওদের দেখতে। নতুন যে ফটোশুট হয়েছে, সেটাও ভাল লেগেছে। ‘লাইক’ করে দিয়েছি। বাকি আর কিছু দেখিনি। যিনি ওঁদের এই ছবি তুলে দিয়েছেন, উনি আমার আর সাহেবের ছবিও আগে তুলেছেন। ভাল লাগছে দেখতে ওদের।”
উল্লেখ্য, ‘কথা’ ধারাবাহিকের সূত্রে সাহেব এবং সুস্মিতার পরিচয়। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। যদিও প্রেমের কথা প্রকাশ্যে কেউ কোনও দিনই বলেন না। প্রসঙ্গত, ‘কথা’ শেষ হওয়ার পরে সাহেব নতুন ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু সুস্মিতা কয়েক দিনের বিরতিতে। মাঝে ‘কুহেলি’ নামের একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি। শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন ধারাবাহিকে আদৃত রায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে।