Advertisement
E-Paper

‘সব কাজ আমার ঘাড়ে এসে পড়বে’! অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয় কুমার? কী সিদ্ধান্ত নিলেন তিনি?

অবসরের কথা ভাবছেন অক্ষয়? এমন খবর বেশ কিছু দিন ধরেই ঘুরছে। কিন্তু সত্যিই কি তাই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:১৭
অবসর নিচ্ছেন অক্ষয়?

অবসর নিচ্ছেন অক্ষয়? ছবি: সংগৃহীত।

‘ভূত বাংলা’ ছবি মুক্তি পেয়েছে কিছু দিন আগেই। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সেই ছবি। আর এখন অক্ষয় কুমার প্রস্তুতি নিচ্ছেন আসন্ন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর। কিন্তু এর পরেই কি থামবেন অক্ষয়? অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন বলিউডের খিলাড়ি কুমার?

তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে কাজ করছেন অক্ষয়। তাঁর ঝুলিতে রয়েছে ১৫০টিরও বেশি ছবি। তবে কি এ বার অবসরের কথা ভাবছেন অক্ষয়? এমন খবর বেশ কিছু দিন ধরেই ঘুরছে। কিন্তু সত্যিই কি তাই? অক্ষয় এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এখনই অবসরের কথা ভাবছেন না। বলা ভাল হয়তো কখনওই অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলকমুক্তি অনুষ্ঠানে অবসর নিয়ে প্রশ্নের জবাব দেন বলি তারকা। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, কাজ ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।

তবে অক্ষয় স্বীকার করেছেন, মাঝে মাঝে অবসরের কথা তাঁর মাথায় আসে ঠিকই। কিন্তু সেই ভাবনা খুব অল্প সময়ের জন্যই মাথায় থাকে। অক্ষয় বলেন, “ভোর চারটেয় যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মধ্যে এই চিন্তা মাথায় আসে। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, শুটিংয়ে যেতে হবে। তার পর মনে হয়, ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে সেটে পৌঁছোতে হবে। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ড থাকে। তার পর ভাবি, কাল অবসর নেব। পরদিন আবার ভোর চারটেয় উঠে একই ঘটনা ঘটে। এ ভাবেই ৩৬ বছর কেটে গিয়েছে।”

অবসরের ভাবনা এলেও কেন তা এড়িয়ে যান অক্ষয়? তা নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “আমি অবসর নিলে কী হবে? বাড়িতে বসে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে। কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে। বাগানের কাজ করতে হবে। বাড়ির সব কাজই আমার ঘাড়ে এসে পড়বে। তার চেয়ে কাজে যাওয়াই ভাল। আমি অবসর নেব না, সেটাই ভাল।”

পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান কি না, সেই প্রশ্নের উত্তরে অক্ষয় জানান, তিনি একবার বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, বেশিদিন টানতে পারেননি। তাঁর কথায়, “বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এক দিন পর ওরাই বলতে শুরু করল, ‘বাবা, তুমি কবে কাজে যাবে?’ তাই বুঝে গিয়েছিলাম, কাজ করাই ভাল।”

এরপর অবসর নিয়ে নিজের মতও জানান অক্ষয়। তিনি বলেন, “সত্যি বলতে ‘অবসর’ শব্দটাই আমার কাছে ভুল মনে হয়। একজন মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন তাঁর বেঁচে থাকার আর পাঁচ সেকেন্ড বাকি। তখন তিনি বলতে পারেন, ‘ভাই, আমি অবসর নিচ্ছি।’ অবসর নিয়ে চিন্তা করবেন না। দীর্ঘ জীবন চাইলে কাজ করে যান।”

Akshay Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy