সমাজমাধ্যমে বিখ্যাত হওয়ার জন্য আজকাল নানা রকম কাণ্ড ঘটান অনেকেই। তবে, সম্প্রতি এমন একটি ঘটনা নজরে এসেছে, যা কেবল অদ্ভুতই নয়, অনৈতিকও বটে। টিকিট পরীক্ষক সেজে একটি রেলস্টেশনে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন এক তরুণ। ঘটনাটি বিহারের পটনার বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, টিকিট পরীক্ষকের মতো পোশাক পরে রয়েছেন এক তরুণ। শুধুমাত্র যাত্রীদের টিকিট পরীক্ষা করেই তিনি ক্ষান্ত হননি। জরিমানা বাবদ টাকাও আদায় করতে শুরু করেন। ওই যুবককে ব্যঙ্গের সুরে বলতে শোনা যায়, পুলিশ এবং আসল টিকিট পরীক্ষক থাকা সত্ত্বেও যাত্রীরা তাঁকেই টিকিট পরীক্ষক ভাবছেন, এ বিষয়টি দেখে দুঃখ হচ্ছে তাঁর। ভিডিয়োর শেষে তিনি বলেন, এক দিনে ১২০০ টাকা আয় করেছেন তিনি। ‘শিবমগুপ্তভ্লগ_’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয়ে ওঠে নেটপাড়া। অনেকেই মন্তব্যবাক্সে আইআরসিটিসি এবং ভারতীয় রেলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এর পর ‘ঝাড়খণ্ডরেলইউজ়ার্স’-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার আশায় শিবম গুপ্ত নামের এক তরুণ পটনা জংশনে টিকিট পরীক্ষকের মতো পোশাক পরে যাত্রীদের টিকিট পরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। এটি কোনও কৌতুকের বিষয় নয়, বরং গুরুতর উদ্বেগের বিষয়। এর ফলে যাত্রীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
দানাপুরের জেলাশাসক স্বয়ং আরপিএফ-কে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। তিনি জানান, উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে। ওই তরুণের ফোন নম্বরও চেয়েছেন তিনি। তবে, ওই তরুণের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।