মানুষের মধ্যে যেমন পারস্পরিক প্রেম-প্রীতি থাকে, জীবজগতের অন্য প্রাণীরাও তার ব্যতিক্রম নয়। রাগ-অভিমানের পালা চলে তাদের জীবনেও। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে সঙ্গিনীর সঙ্গে ঝগড়ার পরে গভীর চিন্তায় পড়ে গিয়েছে এক গোরিলা। তা দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি গোরিলা একা বসে রয়েছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন গভীর চিন্তায় আকুল। সেই সঙ্গে মনে বাসা বেঁধেছে বেদনাও। তার সামনের ডান দিকের পা শরীরের ওপর ভাঁজ করে রাখা। আর সামনের বাঁ দিকের পা মুখের উপর রেখে যেন উদাস হয়ে বসে রয়েছে সে।
আরও পড়ুন:
ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, ঘটনাটি জাপানের একটি চিড়িয়াখানার। গোরিলাটির নাম কিয়োমোসা। সঙ্গিনীর সঙ্গে ঝগড়া হওয়ার পরই এমন দুশ্চিন্তায় পড়ে যায় সে। জানা গিয়েছে, এটি ১৩ বছর বয়সি পুরুষ ওয়েস্টার্ন লো-ল্যান্ড গোরিলা। জাপানের নাগোয়ায় অবস্থিত হিগাশিয়ামা চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানে জন্মায় সে। তার বাবা-মায়ের নাম হল শাবানি এবং নেনে। সিলভারব্যাক গোরিলা শাবানিকে তার আকর্ষণীয় চেহারার কারণে বিশ্বের বহু পশুপ্রেমীই চেনেন।
আরও পড়ুন:
এক্সের (সাবেক টুইটার) ‘আরটি_কম’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। প্রায় ১ কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ৮৪ হাজারের বেশি মানুষ এতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। অনেকেই নিজেদের প্রেমের সম্পর্ক বা দাম্পত্যজীবনের সঙ্গে ঘটনাটির মজাদার তুলনা করেছেন। এক জন লিখেছেন, “স্ত্রীর সঙ্গে ঠাট্টা করতে গিয়ে সীমা ছাড়িয়ে গেলে আমার অবস্থা এমন হয় ।” আবার আর এক নেটাগরিক ব্যঙ্গ করে লিখেছেন, “আমার স্বামী যখন আমার সঙ্গে তর্কে হেরে গিয়ে অন্য ঘরে চলে যায়, তখন এমন বেজার মুখে বসে থাকে।”