বর্ণবিদ্বেষ একটি চিরন্তন সমস্যা। সমগ্র বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে এই সঙ্কীর্ণ মানসিকতা। মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে এই বিষয়টি। কোনও মানুষকে কখনওই এই ভাবে বিচার করা উচিত নয়। সম্প্রতি এমনই একটি ঘটনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে নিন্দায় মুখর হয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি প্রশ্ন করছেন, “আপনার স্ত্রী কি ভারতীয়? তাহলে তো সে কালো হবে। আপনি ফর্সা। আপনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন। ওরা সকলেই কালো হয়। আপনি এমন কাউকে কী ভাবে বিয়ে করলেন?” ওই ব্যক্তির পরনে ছিল একটি খয়েরিরঙা পাঠানি কুর্তা। জানা গিয়েছে, এক বিদেশির উদ্দেশে এই কথাগুলি বলা হয়েছে। এর পর ওই ভিন্দেশি জানান, তিনি ওই ব্যক্তির কথা বুঝতে পারছেন না। তখন ওই ব্যক্তি পাশে থাকা এক ছেলেকে বলেন বিষয়টি বুঝিয়ে বলতে।
আরও পড়ুন:
ইনস্টাগ্রামের ‘আইঅ্যামকার্লরক’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, স্ত্রীর সম্পর্কে এমন অযাচিত মন্তব্যে হতচকিত হয়ে গেছেন ওই বিদেশি। তিনিই ভিডিয়োটি করায় ওই বিদেশির মুখ দেখা যায়নি ভিডিয়োয়। জানা গিয়েছে, তিনি নিউ জ়িল্যান্ডের বাসিন্দা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের।
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার মুখে পড়েছে। প্রায় ১১ লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। ৫ হাজারের বেশি শেয়ার হয়েছে। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক জন লিখেছেন, “পাকিস্তান ও ভারতে বর্ণবাদ ব্যাপক।” আবার আর এক নেটাগরিক ব্যঙ্গ করে লিখেছেন, “ভাই, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আপনি বরফের মতো সাদা।” আবার কারও মতে, এমন মানসিকতার মানুষদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা উচিত।