Advertisement
E-Paper

চেপে ধরে গাছে তুলল শাখামৃগ! বাঁদরামির শিকার অসহায় কুকুরছানা, ভিডিয়ো দেখে ‘আহা রে’ বলল নেটপাড়া

সম্প্রতি এমন একটি কাণ্ড ঘটিয়েছে একটি বাঁদর, যাতে মানুষ নয়, বিপদে পড়েছে আর এক অবোলা প্রাণী। কোলে একটি কুকুরছানা নিয়ে গাছের উঁচু ডালে উঠে পড়ে বাঁদরটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৮:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাঁদর নামক প্রাণীটির উপদ্রবে প্রায়ই নাজেহাল হতে হয় মানুষকে। তবে, সম্প্রতি এমন একটি কাণ্ড ঘটিয়েছে একটি বাঁদর, যাতে মানুষ নয়, বিপদে পড়েছে আর এক অবোলা প্রাণী। ওই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে হতবাক হয়ে গেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি হিমাচল প্রদেশের রেওয়ালসরের।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি বাঁদর কোলে একটি কুকুরছানা নিয়ে গাছের উঁচু ডালে বসে রয়েছে। কুকুরছানাটি বাঁদরটির কোলে যেন সিঁটিয়ে বসে রয়েছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছে, তার সঙ্গে ঠিক কী ঘটছে তা বুঝে উঠতে পারছে না বেচারা। অসহায় বোধ করছে। মাঝেমধ্যে আবার নীচেও তাকাচ্ছে।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, রেওয়ালসরে বাঁদরের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি একটি বাঁদর একটি কুকুরছানাকে ছোঁ মেরে তুলে নিয়ে উঁচু গাছে উঠে পড়ে, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোট শিশুদের জন্যও বাঁদরেরা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে যাতে বড় কোনও দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য স্থানীয়েরা প্রশাসনের কাছে দ্রুত ও যথাযথ পদক্ষেপ করার অনুরোধও জানিয়েছেন। শেষ পর্যন্ত কুকুরছানাটি বাঁদরের কবল থেকে কখন উদ্ধার পেল, তা অবশ্য জানা যায়নি ভিডিয়োটি থেকে।

এক্স-এর (সাবেক টুইটার) ‘জেমসহিমাচল’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আশঙ্কা প্রকাশ করেছেন নেটাগরিকেরাও। ৭ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। অনেক শেয়ারও হয়েছে। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক জন লিখেছেন, “কুকুরছানাটির মুখের ভাব দেখে মনে হচ্ছে ওর অবস্থা খুব খারাপ।” আবার আর এক নেটাগরিক ঠাট্টা করেছেন, “দেখে মনে হচ্ছে বাঁদরটি একটি নতুন পোষ্য দত্তক নিয়েছে।”

Viral Story Himachal monkey Dog
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy