Advertisement
E-Paper

প্রায় ছ’মাস পরে ছোটপর্দায় ফিরেছেন দ্বৈপায়ন, কেন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা?

‘গঙ্গা’ ধারাবাহিকে নায়কের দাদার চরিত্রে খানিক অন্য ভাবে দেখা যাচ্ছে দ্বৈপায়নকে। এ ছাড়াও ‘ট্রাভেল ভ্লগ’ নিয়ে ব্যস্ত থাকেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৮:৫৬
‘দুই শালিখ’ ধারাবাহিকের পরে আবার নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতা দ্বৈপায়ন দাসকে।

‘দুই শালিখ’ ধারাবাহিকের পরে আবার নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতা দ্বৈপায়ন দাসকে। ছবি: সংগৃহীত।

অভিনেতা দ্বৈপায়ন দাসকে বেশ কয়েক মাস আগে দেখা গিয়েছিল ‘দুই শালিখ’ ধারাবাহিকে। তার পরে প্রায় ছয়-সাত মাস সে ভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। এখন ‘গঙ্গা’ ধারাবাহিকে নায়কের দাদার চরিত্রে খানিক অন্য ভাবে দেখা যাচ্ছে দ্বৈপায়নকে। এ ছাড়াও ‘ট্রাভেল ভ্লগ’ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। মাঝে এই ক’টা মাস কেন পর্দায় দেখা যায়নি তাঁকে?

এরই মধ্যে দ্বৈপায়ন এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পায়েল দে-এর সম্পর্ককে ঘিরে নানা আলোচনা হয়েছে। যদিও অভিনেত্রী বার বার একটাই কথা জানিয়েছেন, তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে সবকিছুর আড়ালে রাখতেই পছন্দ করেন। দ্বৈপায়নেরও খানিকটা তেমনই মত। তিনি যে সাক্ষাৎকার, প্রচার আলো তেমন উপভোগ করেন, তা নয়।

স্ত্রী পায়েল  এবং ছেলের সঙ্গে দ্বৈপায়ন।

স্ত্রী পায়েল এবং ছেলের সঙ্গে দ্বৈপায়ন। ছবি: ফেসবুক।

নতুন ধারাবাহিকের শুটিং চলছে তবে শুক্রবার ১ মে, তাই শ্রমিক দিবসের ছুটি। তাই ছেলের জন্যই পুরো সময়টা রেখেছেন। সকাল থেকে পুত্রের অনলাইন ক্লাস চলছিল। সেখানে যতটা সাহায্য করা যায়, করেছেন। অভিনেতা বলেন, “অনেকেই ভাবেন আমি খুব ঘুরছি। একেবারেই ভুল ধারণা। আসলে ঘুরতে গিয়ে ভিডিয়ো করি। সেই ভিডিয়োই কেটে কেটে আপলোড করতে থাকি মাঝে মাঝে। তাতেই মনে হয় যে, আমি খুব ঘুরছি! তেমন কিন্তু একেবারেই নয়।”

মাঝে বেশ কিছুটা সমস্যার মধ্যেও কাটিয়েছেন। অভিনেতা যোগ করেন, “‘দুই শালিখ’ ধারাবাহিকে অভিনয় করেছিলাম। তার পরে আমি নিজেই কয়েক মাসের বিরতি চেয়েছিলাম। তার পরে মা অসুস্থ হলেন। মাকে হারালাম। তাই কয়েকটা দিন নিজেই কাজ থেকে দূরে ছিলাম।” পর পর বেশ কিছু কাজ এসেছিল তখন। কিন্তু, নিজে থেকেই তা ফিরিয়ে দিয়েছিলেন।

এখন ধারাবাহিকে নায়ক অর্জুনের দাদা উদয়নের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। বাবা, ভাইয়ের মতো সে কোনও সরকারি উচ্চপদস্থ কর্মচারী নয়। বরং রান্না করতে ভালবাসে। পেশায় শেফ পর্দার উদয়ন। এখনও পর্যন্ত অদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। আগামী দিনেও তাঁকে ইতিবাচক চরিত্রেই দেখা যাবে কি না, তা অবশ্য সময় বলবে।

Tollywood Bengali Cinema Payel Dey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy