কৃত্রিম বুদ্ধিমত্তায় মজে নেটাগরিকরা। নিত্য নতুন ছবি পোস্টের রমরমা সমাজমাধ্যমে। তারকারাও এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন। তবে জাঁকিয়ে বসেছে ‘ডিপফেক’-এর আতঙ্ক। এবার এই আতঙ্ক থেকে মুক্তি পেতে বম্বে হাই কোর্টের কাছে ব্যাক্তিগত সুরক্ষা চাইলেন অভিনেত্রী প্রীতি জ়িন্টা। নায়িকার অভিযোগ, নানা অনলাইন মাধ্যমে তাঁর মুখ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা নানা কনটেন্ট পোস্ট করা হচ্ছে।
প্রীতি জ়িন্টার মতে, এই ধরনের কনটেন্টে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মান-সম্মান নষ্ট করারও চেষ্টা চলছে তাঁর। এর পাশাপাশি, ১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী, তাঁর নৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন প্রীতি। সাম্প্রতিক অতীতে শিল্পীদের বিশেষ করে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
অভিনেতা-অভিনেত্রীদের কণ্ঠস্বর নকল করা থেকে শুরু করে গায়ক-গায়িকাদের হুবহু নকল করে গান তৈরি, সব কিছুর প্রভাব পড়েছে ইন্ডাস্ট্রিতে। ভুয়ো তথ্য ছড়ানোরও অভিযোগ মিলেছে। ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল তারকারা ব্যক্তিগত অধিকার রক্ষার্থে নিষেধাজ্ঞার অনুমতি পেয়েছেন।
আরও পড়ুন:
এই বিষয়ে বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ অভিনেত্রীর আবেদন গ্রহণ করেছেন এবং মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন। অভিযোগে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে, তা খতিয়ে দেখবে বম্বে হাই কোর্ট। তার পর মামলার পরবর্তী শুনানির তারিখ জানানো হবে।
প্রীতি জ়িন্টা এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচার নিয়ে ব্যস্ত। তারই মাঝেই এই ঘটনায় খানিক সমস্যায় অভিনেত্রী। সঠিক বিচার পেতেই আদালতের দারস্থ প্রীতি।