Advertisement
E-Paper

উত্তমকুমারের জন্মবার্ষিকীতে শিল্পীদের চিকিৎসার জন্য ‘উত্তম সুবিধা কার্ড’! আর কী কী হচ্ছে?

হেলথ কার্ডের পাশাপাশি শিল্পীদের স্বাস্থ্যবিমা সংক্রান্ত বিষয়টিও দেখছে আর্টিস্ট ফোরাম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:৪৯
উত্তমকুমারকে সম্মান জানিয়ে ‘উত্তম সুবিধা কার্ড’।

উত্তমকুমারকে সম্মান জানিয়ে ‘উত্তম সুবিধা কার্ড’। — নিজস্ব চিত্র।

আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠনের পরেই কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায় আনন্দবাজার ডট কম-কে জানিয়েছিলেন, শিল্পীদের স্বাস্থ্য, তাঁদের চিকিৎসার দিক নিয়ে কাজের ইচ্ছা তাঁর।

বাস্তবদত্তা কথা রেখেছেন। তাঁর হাত ধরে আর্টিস্ট ফোরাম বুধবার গাঁটছড়া বাঁধল বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত একটি সংস্থার সঙ্গে। সেই সংস্থার প্রতিনিধিরা এ দিন উপস্থিত টেকনিশিয়ান স্টুডিয়োতে। উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধক্ষ বাসবদত্তা, বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়-সহ কমিটির পদাধিকারীরা। শহরে উপস্থিত না থাকার কারণে এ দিন ভিডিয়ো কলের মাধ্যমে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি আর্টিস্ট ফোরামের এই পদক্ষেপে ভীষণ খুশি। ধন্যবাদ জানান স্বাস্থ্য পরিষেবায় যুক্ত সংস্থাটিকেও।

আর্টস্ট ফোরামের নতুন কমিটির নতুন উদ্যোগ।

আর্টস্ট ফোরামের নতুন কমিটির নতুন উদ্যোগ। — নিজস্ব চিত্র।

তাঁদের সামনেই আনুষ্ঠানিক ঘোষণা হয়, এ দিন থেকে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার বিশেষ সুবিধা পেতে চলেছেন কমিটির সদস্যরা। উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’, যার সাহায্যে শিল্পীরা ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন। বাসবদত্তার কথা অনুযায়ী, অন্যান্য সংস্থা মোটা অঙ্কের ওষুধ কিনলে সাধারণত এই ছাড় দেন। পাশাপাশি, এই সংস্থা বিনামূল্যে রক্তপরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে। এই গাঁটছড়ায় কতটা সুবিধা পাবেন শিল্পীরা? প্রসেনজিৎ বলেন, “বেশি সুবিধা ভোগ করবেন প্রবীণ অভিনেতারা, যাঁদের উপার্জন কমে গিয়েছে। কিন্তু বয়সের সঙ্গে অসুস্থতা বেড়েছে।” শান্তিলালের মতে, “ওষুধ খরচ ক্রমাগত বাড়ছে। সেখানে কিছুটা ছাড় পাওয়াও শিল্পীদের কাছে অনেক।”

আর্টিস্ট ফোরামের হাতে ত্রিশ হাজার টাকার চেক তুলে দিল সংস্থা।

আর্টিস্ট ফোরামের হাতে ত্রিশ হাজার টাকার চেক তুলে দিল সংস্থা। — নিজস্ব চিত্র।

ওষুধে ছাড় পাওয়ার পাশাপাশি শিল্পীদের জন্য স্বাস্থ্যবিমাও জরুরি। বিষয়টি নিয়ে কি কিছু ভাবছে ফোরাম? প্রসেনজিৎ, শান্তিলাল উভয়েই জানিয়েছেন, বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনা চলছে। ঘোষণার পর থেকেই ‘উত্তম সুবিধা কার্ড’-এর সুযোগ চালু হয়েছে শিল্পীদের জন্য। উত্তমকুমারের ছবি দেওয়া এই কার্ড তাঁরা হাতে পাবেন তিন দিনের মধ্যে। তার আগে কমিটির সদস্য কার্ড দেখালেই ওষুধে ছাড় পাবেন সবাই। একই সঙ্গে এ দিন শিল্পীদের জন্য সংস্থার পক্ষ থেকে ৩০ হাজারের একটি চেক তুলে দেওয়া হয় আর্টিস্ট ফোরামের হাতে।

artist forum Basabdutta Chatterjee Prosenjit Chatterjee Shantilal Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy