বেশ কিছু দিন ধরে ছোটপর্দায় অভিনেতা নীল ভট্টাচার্যের ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘ঘূর্ণি’ ধারাবাহিকের মাধ্যমে আবার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ইতিমধ্যে এই কাহিনির একটি ঝলক দেখেছেন দর্শক। তার পর থেকেই দর্শকের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তা হলে নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কাকে?
এই প্রসঙ্গে নীল আগেই জানিয়েছেন যে, ভুল খবর রটছে। ‘ঘূর্ণি’ ধারাবাহিকের নায়ক হিসাবে দেখা যাবে না তাঁকে। তা হলে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কারা? ঘনিষ্ঠ সূত্রের দাবি, শুধুমাত্র একটাই প্রচার-ঝলক প্রকাশ্যে এসেছে। কারণ, এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ধারাবাহিক নিয়ে নানা ধরনের ভুয়ো তথ্য রটছে। যা একেবারেই কাম্য নয়। এখনও অডিশন চলছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে নায়ক এবং নায়িকার নাম।
আরও পড়ুন:
গত কয়েক মাসে অনেক ধারাবাহিক শেষ হয়েছে। আবার বেশ কিছু নতুন কাহিনি শুরু হয়েছে তার পরিবর্তে। বেশির ভাগ সময়েই দেখা যাচ্ছে, নতুন অভিনেতার মুখ। উল্লেখ্য, ‘ঘূর্ণি’র নতুন ঝলক আসার পরে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছে। যেটুকু দেখা গিয়েছে, তাতে আভাস মিলেছে মূলত ক্রিকেটকে কেন্দ্র করেই এগোবে গল্প।
সম্প্রতি, বেশ কিছু নতুন ধারাবাহিকের ঘোষণা হয়েছে। সেখানে এক দিকে রণজয় বিষ্ণু-অভীকা মালাকার জুটিকে প্রথম ছোটপর্দায় দেখা যাবে। অন্য দিকে শোনা যাচ্ছে, আদৃত রায় এবং সুস্মিতা দে-ও জুটি বাঁধছেন। এরই মধ্যে ‘গঙ্গা’ ধারাবাহিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে নতুন জুটি হিয়া মুখোপাধ্যায় এবং সাহেব ভট্টাচার্য। তা ছাড়া, ‘সংসার সংকীর্তণ’ ধারাবাহিকে মানালি দে ও সব্যসাচী চৌধুরী জুটি বাঁধতে চলেছেন। এ বার নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’তেও কি এমনই নতুন জুটি দেখা যাবে? নাকি ফিরবে পুরনো কোনও জুটি? সেই উত্তরের অপেক্ষায় দর্শক।