প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অঙ্কিতা লোখন্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন। এ বার মাথায় হিজাব পরে বিতর্কে জড়ালেন অঙ্কিতা।
সম্প্রতি, স্বামী ভিকির সঙ্গে আবু ধাবিতে বেড়াতে গিয়েছিলেন অঙ্কিতা। সেখান থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁর। সেই ছবি থেকেই বিতর্কের সূত্রপাত। ছবি ও ভিডিয়োয় দেখা যাচ্ছে এক মসজিদে মাথায় হিজাব পরে প্রবেশ করেছেন অঙ্কিতা। নিয়ম অনুযায়ী এই পোশাকেই মসজিদে প্রবেশ করতে হয়।
তাঁর অনুরাগীরা অঙ্কিতার প্রশংসা করেছেন। তবে নিন্দকেরও অভাব নেই। তাঁরা কটাক্ষ করতে শুরু করেন অভিনেত্রীকে। কেন ভিন্ধর্মের পোশাক পরেছেন তিনি? এমন প্রশ্ন তুলতে থাকেন অনুরাগীরা।
আরও পড়ুন:
কিছু দিন আগে এক আধ্যাত্মিক গুরুর গোশালায় গিয়েছিলেন ভিকি ও অঙ্কিতা। তার জন্য প্রশংসা পেয়েছিলেন তারকাদম্পতি। কিন্তু নিন্দকদের দাবি, কী ভাবে আশ্রম থেকে ঘুরে এসে মসজিদে গেলেন অঙ্কিতা ও ভিকি? তবে এই প্রথম নয়। এর আগেও হিজাব পরে কটাক্ষের মুখে পড়েছিলেন অঙ্কিতা। মু্ম্বই বিমানবন্দরে হিজাব পরে ছবিশিকারিদের সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী।
এই বিতর্ক নিয়ে এখনও মুখ বন্ধ রেখেছেন অঙ্কিতা ও ভিকি। একসময়ে আবু ধাবিতে গিয়ে হিজাব পরে কটাক্ষের শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকোনও। তবে নিন্দকদের কথায় কান দেননি অভিনেত্রী।
উল্লেখ্য, ‘পবিত্র রিশ্তা’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে। বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের জুটি মুগ্ধ করেছিল দর্শককে। এর পরে ‘মণিকর্ণিকা’ ছবিতেও অভিনয় করেন তিনি। ‘বিগ বস্’-এও নজর কেড়েছিলেন অঙ্কিতা ও ভিকি।