পর্দায় দেখানো ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং কী ভাবে হয়? এই নিয়ে বরাবরের কৌতূহল দর্শকের। নানা জনের নানা ধরনের প্রশ্ন থাকে। ইদানীং তো আবার সিনেমার সেটে ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ও থাকেন। যিনি অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রী এবং প্রযোজনা দলের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেন। এ বার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন অন্নু কপূর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই প্রসঙ্গ উঠতে অভিনেতা বললেন, “আমি নিজের চোখে দেখেছি, বহু শিল্পী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না। পরিচালক ‘কাট’ বলার পরেও তাঁরা থামেন না।” অভিনেতা যোগ করেন, এই ঘটনায় খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অন্নু বলেন, “আমি নিজে কখনও এমন করিনি। এক বার এই ঘটনা ঘটিয়েছিলেন এক জনপ্রিয় অভিনেতা। নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে এতটাই বুঁদ হয়ে যান যে, পরিচালকের কথা শুনতেই পাননি। শেষে নাকি নায়িকা কোনও রকমে নায়কের হাত ছাড়িয়ে পালান। তার পরেও নাকি দু’দিন সেই নায়িকা নিজের ঘর থেকে বেরোননি।” অন্নু জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতি খুবই বিরক্তিকর। এক জন নায়কের কুকীর্তির জন্য অনেককে ভুগতে হয় ভবিষ্যতে।