সম্প্রতি সমাজমাধ্যমে ‘লাইভ’ করতে করতে আত্মহত্যার চেষ্টা করেন ‘বিগ বস্ ১৭’ খ্যাত অনুরাগ ডোভাল। এই ঘটনায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। সেই ‘লাইভ’ শেষ হয় ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায়। বেশ কিছুদিন আইসিইউ-য়ে থাকার পরে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। তবে এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন অনুরাগ। তাঁর আশঙ্কা, তিনি আর কখনও হাঁটতে পারবেন না।
মঙ্গলবার, সমাজমাধ্যমের পাতায় নিজের স্বাস্থ্য সম্পর্কে তথ্য দেন অনুরাগ। অস্ত্রোপচারের পরে কেমন আছেন, জানান তিনি। সেই ভিডিয়োর সঙ্গে লেখেন, “জীবনে আর কখনও হাঁটতে পারব কি না জানি না!” ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর ফিজ়িয়োথেরাপি চলছে। সেখানেই তিনি বলেন, “একটা পা পুরোপুরি অসাড় হয়ে রয়েছে, নাড়াতে পারছি না। তার উপরেই কোমরে অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে মনে হচ্ছে স্নায়ুতে চোট লেগেছে। জানি না, কী ভাবে সেরে উঠব!” একই ভিডিয়ো নিজের ‘স্টোরি’তে ভাগ করে তিনি লেখেন, ‘কিছু খারাপ খবর’। অনুরাগ ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্যবাক্স ভরিয়েছেন অনুরাগীরা। সকলেই তাঁকে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। ‘ভাল সময় আসবে’, তাঁকে আশ্বস্ত করেছেন অনুরাগীরা।
আরও পড়ুন:
দিনকয়েক আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। সুস্থ হয়ে উঠে এর আগে অনুরাগ বলেছেন, “ভাল আছি। এ ভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি।” পাশাপাশি এও বলেন, “এটা আমার নবজন্ম। ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ।”