কথায় আছে, ‘ভাগ্যবানের বোঝা ভগবান বয়’। জ্যোতিষী প্রশান্ত নিকি দাবি করেছেন, রশ্মিকা মন্দানা নাকি বিজয় দেবরকোন্ডার ভাগ্য ধারণ করবেন! রশ্মিকা-বিজয়ের বিয়ের আমন্ত্রণপত্র হিসাবে একটি কার্ড ভাইরাল সমাজমাধ্যমে। খবর, তার পরেই নাকি ওই জ্যোতিষী হবু তারকাদম্পতির দাম্পত্য প্রসঙ্গে তাঁর বক্তব্য জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশান্ত নানা বলিউড তারকার ভবিষ্যৎ নিয়ে বক্তব্য জানিয়েছেন। এমনিতেই বিয়ের কারণে আলোচনার কেন্দ্রে বিজয়-রশ্মিকা। সোমবার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হওয়ায় তাঁদের নিয়ে কৌতূহল আরও বেড়েছে। সেই সময়ে জ্যোতিষী প্রশান্তের এই বক্তব্য স্বাভাবিক ভাবে নতুন করে সাড়া ফেলে দিয়েছে।
বিজয়-রশ্মিকার বিয়ের আমন্ত্রণপত্র? ছবি: ফেসবুক।
বক্তব্য জানানোর আগে প্রশান্ত মনে করিয়ে দেন, জানুয়ারি মাসে তিনিই প্রথম এই বক্তব্য জানিয়েছিলেন যে, বিয়ের পর ভাগ্য ফিরবে বিজয়ের। প্রসঙ্গত, এর আগে ‘কিংডম’, ‘দ্য ফ্যামিলি স্টার’, ‘লাইগার’-সহ একের পর এক ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। প্রশান্ত আরও বলেন, “রশ্মিকা বিজয়ের ভাগ্য ধারণ করে রয়েছে। তাই বিয়ের পর ফের সাফল্যের চূড়ায় পৌঁছোবেন অভিনেতা।” বিজয় এই মুহূর্তে দু’টি ছবির সঙ্গে যুক্ত, ‘রানাবলী’ এবং ‘রাউডি জনার্দন’। রশ্মিকা বিজয়ের দ্বিতীয় ছবির নায়িকা।
আরও পড়ুন:
আপাতত আলোচনায় বিজয়-রশ্মিকার বিয়ে। ফাঁস হওয়া আমন্ত্রণপত্র অনুযায়ী, পূর্ব নির্ধারিত ২৬ ফেব্রুয়ারি তাঁরা একটি ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। ৪ মার্চ বিয়ে উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করেছেন। জুটির দাম্পত্য যাতে সুখের হয়, তার জন্য অনুরাগীদের থেকে আগাম শুভেচ্ছা চেয়েছেন হবু তারকাদম্পতি।