Advertisement
E-Paper

‘পুরোটাই মিথ্যা! টাকা ফেরত দিয়েছি’, রাজপাল যাদবের পরে চেক বাউন্সের অভিযোগ অমীষার বিরুদ্ধে?

খবর, অমীষার বিরুদ্ধে এই অভিযোগ ২০১৭ সালের। সেই অভিযোগের নিষ্পত্তি কি ২০২৬ সালেও হয়নি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২
এ বার চেক বাউন্স মামলায় অমীষা পটেল?

এ বার চেক বাউন্স মামলায় অমীষা পটেল? ছবি: সংগৃহীত।

রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আগামী ১৮ মার্চ পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। খবর, প্রায় একই অভিযোগে অভিযুক্ত হয়ে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে অমীষা পটেলের বিরুদ্ধে। পরোয়ানা জারি করেছে মোরাদাবাদের এক আদালত।

যদিও অভিনেত্রীর দাবি, তিনি নাকি পুরো টাকা নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে ফেরত দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগ তাঁর।

ঘটনা ২০১৭ সালের। ওই বছরের নভেম্বরে একটি বিয়ের অনুষ্ঠানে ‘পারফর্ম’ করার কথা ছিল অমীষার। অভিযোগ, তার জন্য তিনি পবন বর্মা নামের এক ব্যক্তির থেকে সাড়ে ১৪ লক্ষ টাকা আগাম পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন। মোরাদাবাদের দিল্লি রোডের একটি হোটেলে অভিনেত্রীর থাকার এবং খাওয়ার ব্যবস্থাও করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু, টাকা নিয়েও অমীষা নাকি সেই অনুষ্ঠানে যাননি। আরও জানা গিয়েছে, অভিনেত্রী পরে পবনকে ১০ লক্ষ টাকা নগদে ফেরত দিয়েছিলেন। কিন্তু, বাকি সাড়ে ৪ লক্ষ টাকা আর ফেরত দেননি। পবনের অভিযোগ অনুসারে, অভিনেত্রী সাড়ে ৪ লক্ষের একটি চেক তাঁকে দিয়েছিলেন। কিন্তু সেটি বাউন্স করে।

খবর, এর পরেই পবন অভিনেত্রীর বিরুদ্ধে মোরাদাবাদের একটি আদালতে মামলা দায়ের করেন। একাধিক বার আদালত সমন পাঠায় অভিনেত্রীকে। খবর, তিনি একবারও হাজিরা দেননি। বিষয়টির নিষ্পত্তির জন্যই মোরাদাবাদ আদালত এ বার অভিনেত্রীর নামে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে বলে খবর। এ প্রসঙ্গে অভিনেত্রীর আইনজীবীর দাবি, নির্দিষ্ট সময়েই অমীষা সমস্ত পাওনা টাকা ফিরিয়ে দিয়েছেন। তাঁকে অকারণ হেনস্থা করা হচ্ছে।

Rajpal Yadav Ameesha Patel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy