শোকাচ্ছন্ন অমিতাভ বচ্চন। গত বছর ধর্মেন্দ্রের মৃত্যুর পরে ভেঙে পড়েছিলেন বর্ষীয়ান তারকা। ফের এক বার তাঁর জীবনের শোকের আবহ। কাকে হারালেন অমিতাভ? কার মৃত্যুশোকে ব্লগ লিখলেন তিনি?
নিজের অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যম ও ব্লগে লেখালিখির মাধ্যমে যোগাযোগ রাখেন তিনি। তেমনই এক একনিষ্ঠ অনুরাগীকে হারিয়েছেন অমিতাভ। ইলাহাবাদনিবাসী সেই অনুরাগিণীর মৃত্যুতে বাক্রুদ্ধ তিনি। অনুরাগিণীকে নিজের বর্ধিত পরিবারের অংশ বলে মনে করেন বলি তারকা। শালিনী সিংহ নামে সেই অনুরাগীর নাকি অমিতাভের ভক্তমহলে বিশেষ স্থান ছিল। তাঁকে স্নেহ করে ‘এফ’ বলে ডাকতেন বর্ষীয়ান তারকা।
আরও পড়ুন:
অমিতাভ তাঁর ব্লগে লেখেন, “আমাদের অতিপ্রিয় ইলাহাবাদের অনুরাগী এফ শালিনী সিংহের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এমন মৃত্যুর খবরে কতটা যন্ত্রণা হয়, তা এই মুহূর্তে প্রকাশ করা খুবই কষ্টকর ও যন্ত্রণাদায়ক। ওঁর পরিবারের জন্য আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।” অমিতাভের লেখা থেকেই স্পষ্ট হয়ে যায়, তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে কতটা জড়িত থাকেন। বর্ষীয়ান অভিনেতা আরও লিখেছেন, “আমি প্রার্থনা করছি। বিদেহী আত্মার জন্য আমরা সকলে প্রার্থনা করছি। তাঁর আত্মা যাতে প্রাপ্য শান্তিটুকু পায়, সেই প্রার্থনা করে চলেছি।”
বেশ কয়েক বছর ধরে ব্লগ লিখে চলেছেন অমিতাভ। ৬৬০০ দিন ধরে লিখেছেন নানা কথা। এই ব্লগের মাধ্যমেই তাঁর সঙ্গে অনুরাগীদের আত্মিক সম্পর্ক বজায় থেকেছে।
বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েলে অভিনয় করছেন অমিতাভ। এই ছবিতে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।