বাংলাদেশে ‘নিষিদ্ধ রাজনৈতিক দল’ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিলে কর্মী-সমর্থকদের ঢল নামল কুমিল্লায়। সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল এবং সরকার বিরোধী স্লোগানের অভিযোগে ২০৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেফতার করা ৪৮ ছাত্রলীগ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ধৃতদের জেলে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে ৪৫ জনকে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। সোমবার গ্রেফতার করা হয় তিন জনকে। প্রসঙ্গত, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার ‘কার্যকলাপ নিষিদ্ধ’ ঘোষণা করার পরেও বার বার বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চালিয়ে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠন।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরে পুনরুত্থানের তৎপরতা আরও গতি পেয়েছে। ধারাবাহিক ভাবে বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল বার করছে জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দল। গত দেড় বছর ধরে বন্ধ থাকা কয়েকটি দলীয় দফতরও সাময়িক ভাবে খোলা হয়েছিল সে সময়। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১০ মে জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাযজ্ঞের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার আগেই নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে।