বিজেপিকর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস।
পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালে জুন মাসে স্থানীয় বিজেপি নেতৃত্বদের নিয়ে নিজের বাড়িতে দলীয় বৈঠকের আয়োজন করেন অসিত হালদার। সেই সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালান খোকন। বাড়ি ভাঙচুর এবং তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ অসিতের। এ ছাড়াও আরও একদিন বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে এলে খোকনের দলের লোক তাঁদের উপর ফের হামলা চালান। তাঁদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে খোকনকে গ্রেফতার করা হয়। সেই মামলায় আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, সেই মামলার বিচারবিভাগীয় তদন্ত চলাকালীন, সরকারি চাকরি দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি দফতরে গ্রুপ সি পদে চাকরি দেওয়ার নাম করে এলাকার প্রায় ১১ জনের কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৫ লক্ষ টাকা নেন বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত প্রাক্তন বিধায়ক এই মামলায় আগাম জামিন চেয়ে জানান, তিনি নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত। বৃদ্ধাশ্রম চালান। অনাথ ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করেন। তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর সম্পত্তির বিষয়ে ইনকাম ট্যাক্সের ফাইলে উল্লেখ রয়েছে। ভাবমূর্তি নষ্ট করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে।