Advertisement
E-Paper

‘খুব ভয় পেয়েছিলাম’, আচমকাই দৃষ্টি অস্পষ্ট সাগরিকার! চিকিৎসকের কাছে গিয়ে কী জানতে পারেন?

নতুন বছর শুরু হওয়ার পর থেকেই বার বার নানা অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী। তবে চোখে যে এমন একটা সমস্যা হবে, বুঝতে পারেননি সাগরিকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:২৬
অভিনেত্রী সাগরিকা রায়ের কী  হয়েছে?

অভিনেত্রী সাগরিকা রায়ের কী হয়েছে? ছবি: সংগৃহীত।

তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘শোলক সারি’ ধারাবাহিকে। তার পর থেকে অভিনেত্রী সাগরিকা রায়কে দেখা যায়নি ছোটপর্দায়। নতুন বছর শুরু হওয়ার পর থেকেই বার বার অসুস্থ হচ্ছেন অভিনেত্রী। তবে চোখে যে এমন একটা সমস্যা হবে, বুঝতে পারেননি সাগরিকা। ঠিক কী হয়েছে অভিনেত্রীর?

আনন্দবাজার ডট কম-কে অভিনেত্রী জানালেন, হঠাৎ করেই চোখে অস্বস্তি হতে শুরু করে। কিছুটা অস্পষ্ট দেখছিলেন। ভেবেছিলেন চোখের ‘পাওয়ার’ বেড়েছে। কিন্তু পরীক্ষা করে জানতে পারেন, চোখে স্ট্রোক হয়েছে। অভিনেত্রী বললেন, “শারীরিক ভাবে আমি সুস্থ। অথচ চোখে স্ট্রোক হয়ে রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে। চোখে জল জমে গিয়েছে। সেটা অবশ্য ‘বর্ডারলাইন’। একটু এদিক-ওদিক হলে দৃষ্টিশক্তিতে প্রভাব পড়তে পারত।”

প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলেন। চোখে যে ইঞ্জেকশন দেওয়ার কথা চিকিৎসক বলেছিলেন, সেটাও খুব দামি। অভিনেত্রী যোগ করেন, “আমরা যে অনিশ্চিত পেশায় রয়েছি, সেখানে এটা কল্পনার বাইরে ছিল। তার পর আরও অনেক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম। জানতে পারি, এই ইঞ্জেকশন ছাড়া কোনও উপায় নেই। আর ভয় পেয়েছিলাম কারণ, প্রায় এক মাস আগে এই স্ট্রোক হয়েছে। অনেক পরে জানতে পারি। তাই খুব ভয় পেয়েছিলাম। ভয়ানক সময়ের মধ্যে দিয়ে কেটেছে।”

৬ মার্চ চোখে এই ইনঞ্জেকশন দেওয়া হয়েছে। তিন সপ্তাহ বেশ কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। চিকিৎসক জানিয়েছেন, তিনি কাজে ফিরতে পারেন। সে ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। ‘শোলক সারি’র পরে বেশ কিছু দিন নতুন কোনও কাজ শুরু করেননি অভিনেত্রী। তবে সাগরিকা জানিয়েছেন, তিনি এখন নতুন কাজে যোগ দিতে প্রস্তুত।

Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy