২০২৫ সালে প্রয়াত হন ধর্মেন্দ্র। অভিনেতার জীবদ্দশায় তাঁর দুই স্ত্রীকে নিয়ে নানা কথা শোনা গিয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌর যদিও গ্ল্যামারজগতের আলোর ঝলকানি থেকে দূরেই থাকেন। প্রথমবার ধর্মেন্দ্র ও তাঁর স্ত্রীকে দেখা যায় নাতি কর্ণের বিয়েতে। ধর্মেন্দ্রের মৃত্যুর বছরদুয়েক আগে। তারকার সঙ্গে বিয়ে হওয়ার পরে প়ঞ্জাব ছেড়ে মু্ম্বইয়ে সংসার পাতেন প্রকাশ। দুই সন্তান তাঁদের। শান্ত স্বভাবের মানুষ, তবু মাকে ভয় পেতেন ববি দেওল। কেন?
ববি জানান, তিনি শৈশব থেকেই মাকে ভয় পেতেন। যদিও মা যে সবসময় খুব বকাবকি করতেন, তেমন নয়। তবে মায়ের কোমরে গোঁজা চাবির গোছার আওয়াজ পেলেই নাকি সাবধান হয়ে যেতেন অভিনেতা। এই বুঝি মার খাবেন তিনি! ববির কথায়, ‘‘মা এমনিতে খুব শান্ত। দরকার না পড়লে, কথা পর্যন্ত বলতেন না। তাও মা আশপাশে থাকলেই একটা ভয় কাজ করত।’’
সংসারের সমস্ত দায়িত্বই ছিল প্রকাশের কাঁধে। ববি স্বীকার করে নেন যে, ছোটবেলা থেকেই দুষ্টু ছিলেন তিনি। পড়াশোনায় মন ছিল না তাঁর। সেই কারণেই মায়ের কাছে বকাঝকা খেতেন তিনি। ববি জানান, ছোটবেলায় মায়ের কাছে জুতোপেটাও খেতে হয়েছে তাঁকে। কারণ রেগে গেলে ওটাই নাকি ছিল তাঁর মায়ের অস্ত্র।