Advertisement
E-Paper

রান্নায় ইচ্ছামতো স্বাদ-গন্ধ যোগ করা যাবে হাতের কাছে থাকলেই, শখের বাগানে কোন গাছ রাখবেন

রান্নায় বাড়তি স্বাদ আনতে হলে, তিন গাছ রাখুন হাতের কাছে। তালিকায় থাকবে কী কী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২১:০০
বাগানে রাখুন তিন গাছ, রান্নাবান্নায় সুবিধা হবে।

বাগানে রাখুন তিন গাছ, রান্নাবান্নায় সুবিধা হবে। ছবি:সংগৃহীত।

মাছের ঝোলের স্বাদ অনেকখানি বেড়ে যায়, টাটকা ধনেপাতা রান্নার শেষপর্বে যোগ করলে। আবার বাড়িতে শরবত তৈরি করতে গেলে দরকার পড়ে পুদিনা পাতারও। বাজার থেকে সবই পাওয়া গেলেও, টাটকা পাতার ব্যবহারে স্বাদ-গন্ধ বাড়ে অনেকটাই। তাই বাড়িতে বাগান করার শখ থাকলে হাতের কাছে রাখুন কয়েকটি পাতা।

কারিপাতা: সম্বর হোক বা মাংস কিংবা চিঁড়ে ভাজা, একটু কারিপাতাই খাবারের স্বাদ-গন্ধ বাড়িয়ে দিতে পারে। সূর্যালোক এবং জলের পাশাপাশি গাছের বাড়বৃদ্ধির জন্য উপযুক্ত মাটি প্রয়োজন। তবে যে কোনও মাটি নয়। কারিপাতার গাছের বৃদ্ধির জন্য মাটি, কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে নিন। এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। গাছ বেড়ে ওঠার জন্য ৬ ঘণ্টা সূর্যালোকের দরকার। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিন।

ধনেপাতা: ধনেপাতা চাষ করা খুব সহজ। এই গাছ যেমন মাটিতে হয়, জলেও হতে পারে।মাটি খুঁড়ে আলগা করে দিন। গোটা ধনে জলে ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে মাটিতে ছড়িয়ে দিন। তা থেকে গাছ হবে।

জলে চাষ করতে হলে একটি কানা উঁচু পাত্র বা ডেকচিতে জল দিয়ে, তার উপর জালি দেওয়া ঝুড়ি রাখুন। ভেজানো বীজ ছড়িয়ে দিন উপর থেকে। খেয়াল রাখতে হবে, বীজ যেন শুকিয়ে না যায়। সূর্যের আলোয় রাখলে আট-দশ দিন পর চারা বেরোবে। বড় হবে একমাসের মধ্যেই।

পুদিনাপাতা: পুদিনা গাছ মাটিতেও হতে পারে আবার জলেও হতে পারে। পুদিনা চারা সরাসরি নার্সারি থেকে কিনে এনে বাড়িতে রাখুন। তবে রোদ প্রয়োজন গাছ বড় হওয়ার জন্য। আলো-হাওয়া আসে এমন স্থানে রাখুন।

আবার জলে ফলাতে হলে, প্রথমেই পাতা-সহ পুদিনার কয়েকটি সতেজ ডাঁটি সুতো দিয়ে মোটা করে বেঁধে নিন। জলভরা বোতলে সুতো বাঁধা পুদিনা গাছের ডালগুলি রাখুন। গাছের ডাঁটির কিছুটা অংশ জলে ডুবে থাকবে। তবে পাতা, ডাঁটির অনেকটা অংশ থাকবে বাইরে। বোতলটি হালকা রোদে রাখতে হবে। তা হলেই দেখা যাবে ডাঁটির নীচ থেকে শিকড় গজাচ্ছে। বোতল হোক বা প্লাস্টিকের পাত্র, দুই-তিন দিন অন্তর জল পাল্টে নিন খুব সাবধানে, শিকড়ের ক্ষতি না করে।

দিন কয়েকের মধ্যে শিকড় বাড়তে থাকবে, পুদিনার ডাঁটি থেকেও ডালপালা বেরোবে। মাঝেমধ্যে শুধু জল বদলে দিতে হবে। শিকড় অতিরিক্ত লম্বা হয়ে গেলে মাঝেমধ্যে জল থেকে বার করে তার তলদেশ কাঁচি দিয়ে কেটে দিন। আবার জলে রাখুন।

কয়েক দিনের মধ্যেই গাছ বাড়বে, নতুন পাতা গজাবে। উপর থেকে ডাল-সহ পাতা কেটে নিন।

Gardening Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy