তাঁর দেওয়া আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে তোলপাড় সিনেদুনিয়া। তিনিই আসন্ন মাতৃত্বের মধ্যে চূড়ান্ত ব্যস্ত! কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না। খবর, দীপিকা পাড়ুকোনের ২০২৬-এর ডায়েরির পাতা নাকি ফাঁকা নেই! দুটো বড় বাজেটের ছবি আর মুঠোভর্তি বিজ্ঞাপনী ছবি— এই দিয়েই তাঁর এ বছরের ক্যালেন্ডার পূর্ণ।
দীপিকা এবং রণবীর সিংহ তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর সম্প্রতি জানিয়েছেন। চিকিৎসকদের মতে, দীপিকার হাতে সাড়ে ছ’মাসের মতো সময় রয়েছে। হাতের ১৮০ দিনের এক মুহূর্ত যাতে অকারণে নষ্ট না হয়, তার জন্য আগাম পরিকল্পনা সেরে ফেলেছেন নায়িকা। প্রকাশ্যে এসেছে তাঁর কর্মব্যস্ততার দিনলিপি।
কী ভাবে তাঁর আগামী কাজকর্ম সাজিয়েছেন দীপিকা? খবর, তিনি একটি অ্যাকশনধর্মী ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা যাবেন। সেখানেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিং করবেন। নায়িকা একই সঙ্গে ছবির কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও করবেন। জানা গিয়েছে, এই অংশের শুটিংয়ে যোগ দিতে পারেন অভিষেক বচ্চন এবং সুহানা খান। প্রসঙ্গত, এর আগে ২০২৪-এ অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেট্টীর ‘সিংহম আগেন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন।
দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের পর দেশে ফিরবেন দীপিকা। মুম্বইয়ের একটি স্টুডিয়োয় পরিচালক অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিং করবেন এর পরেই। বিপরীতে ‘পুষ্পা’-খ্যাত নায়ক অল্লু অর্জুন। শোনা যাচ্ছে, নায়িকা নাকি ‘রাকা’র শুটিংয়ের জন্য টানা ৫০-৬০ দিন দিয়েছেন! এর ফাঁকে বিজ্ঞাপনী ছবির শুটিং তো আছেই। অর্থাৎ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিরতিতে যাওয়ার আগে বছরের সব কাজ আগামী সাড়ে ছ’মাসেই শেষ করতে চান দীপিকা।
তা হলে কি দীপিকা মেনে চলতে পারবেন নিজের দেওয়া দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত? সে প্রশ্নের যদিও জবাব এখনও মেলেনি।