গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই জল্পনায় সিলমোহর দিয়ে, দাম্পত্যের এক দশক পরে সুখবর দিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দহিয়া। অন্তঃসত্ত্বা টেলি-অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায়ের সূচনার পূর্বে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনলেন। ঘোষণা করলেন, পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।
সাদা পোশাকে সেজেছেন হবু মা-বাবা। মুখে চওড়া হাসি। মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবির কোনওটিতে ছোট্ট একজোড়া জুতোর দেখাও মিলল। ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “১০ বছর পরে প্লটে ট্যুইস্ট। কিছু সফর তড়িঘড়ি করে হয় না। সেগুলির জন্য প্রস্তুতি নিতে হয়— একসঙ্গে। আর ঠিক যখনই ভাববে যে তোমার গল্প সম্পূর্ণ হয়েছে, জীবন তার সঙ্গে সবচেয়ে সুন্দর অধ্যায় জুড়ে দেবে। এখনও আত্মস্থ করতে সময় লাগছে। এখনও বিনা কারণে হাসছি। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমাদের সন্তান আসতে চলেছে।”
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে জুন মাসে তাঁর সন্তান জন্মানোর কথা। তবে সরাসরি এ বিষয়ে সমাজমাধ্যমে ঘোষণা এই প্রথম করলেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমরা এই খবরটা টানা ৬ মাস লুকিয়ে রাখতে পেরেছিলাম। খুব কম বাইরে বেরোতাম। তাতেই লাভ হয়েছে।”
আরও পড়ুন:
একটি অনুষ্ঠানে বিবেক একা গিয়েছিলেন, দেখা মেলেনি দিব্যাঙ্কার। সেই থেকেই নাকি গুঞ্জন ছড়ায়। অভিনেত্রী জানিয়েছেন, মুম্বইয়েই সন্তানের জন্ম দেবেন তিনি। তবে তারকাদম্পতির ঘরে মেয়ে আসছে না ছেলে, সেই ভেবেই নাকি দিন কাটাচ্ছে দুই পরিবার।