Advertisement
E-Paper

‘নাগিন’ রূপে প্রিয়ঙ্কা! আর এক অভিনেত্রীর কাছে প্রস্তাব নিয়ে যান একতা, শেষ পর্যন্ত কী ঘটেছিল?

ছোট পর্দার আগে বড় পর্দায় ‘নাগিন’ নিয়ে আসতে চেয়েছিলেন একতা। এক অভিনেত্রী না কি রাজিও হয়ে গিয়েছিলেন। অনুরাগীদের অনুমান, প্রিয়ঙ্কাই এই অভিনেত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
একতা ‘নাগিন’ করতে চেয়েছিলেন প্রিয়ঙ্কার সঙ্গে।

একতা ‘নাগিন’ করতে চেয়েছিলেন প্রিয়ঙ্কার সঙ্গে। ছবি: সংগৃহীত।

‘নাগিন’-এর চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়া! একতা কপূরের নাকি পরিকল্পনা ছিল ‘দেশি গার্ল’-কে নাগিন রূপে সাজাবেন। ছোট পর্দায় একতার ‘নাগিন’ খুবই জনপ্রিয়। মৌনী রায়, নিয়া শর্মা থেকে শুরু করে তেজস্বী প্রকাশ— অনেক অভিনেত্রীকেই দেখা গিয়েছে এই চরিত্রে। কিন্তু একতার নিশানায় প্রথমে ছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু কেন সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেল?

ছোট পর্দার আগে বড় পর্দায় ‘নাগিন’ নিয়ে আসতে চেয়েছিলেন একতা। এক অভিনেত্রী না কি রাজিও হয়ে গিয়েছিলেন। অনুরাগীদের অনুমান, প্রিয়ঙ্কাই সেই অভিনেত্রী। একতার কথায়, “পৌরাণিক কাহিনি নিয়ে এ দেশের মানুষের প্রবল আগ্রহ। দাদু-দিদার কাছে এ সব গল্প শুনেই আমরা বড় হয়েছি। ভারতের সব বাচ্চারা জানে, নাগিন প্রতিশোধ নেয়। আমরা ‘ব্যাটম্যান’, ‘সুপারম্যান’-এর মতো ছবি দেখি। কিন্তু নিজেদের লোককথা পর্দায় দেখাই না।”

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে একতা জানান, আসলে ছবিই বানাতে চেয়েছিলেন তিনি। প্রযোজক-পরিচালকের কথায়, “আমি প্রথমে 'নাগিন'-কেই ছবি বানাতে চেয়েছিলাম। দুই বড় তারকার কাছে আমি প্রস্তাবও নিয়ে গিয়েছিলাম। এক জন প্রস্তাব গ্রহণ করেছিলেন। যিনি রাজি হয়েছিলেন, তিনি পরে আমেরিকা চলে গেলেন। তখনই আমি ছোট পর্দায় 'নাগিন' নিয়ে আসার পরিকল্পনা করি।”

একতার এই মন্তব্যেই অনুরাগীরা অনুমান করেন, নিশ্চয় প্রিয়ঙ্কাই রাজি হয়েছিলেন নাগিন চরিত্রে অভিনয় করতে। প্রিয়ঙ্কার অনুরাগীরা নতুন করে নাগিন চরিত্রে অভিনেত্রীকে দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে ওঠেন। তবে অতীতে একতা নিজেই জানিয়েছিলেন, তিনি প্রিয়ঙ্কা ও ক্যাটরিনা কইফের কাছে এই ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। ‘দ্য ডার্টি পিকচার’ ছবির পরে ‘নাগিন’ তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি।

Priyanka Chopra Ekta Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy