Advertisement
E-Paper

‘ক্ষমা করে দেবেন’, গোবিন্দের ‘বুড়ো বয়স’-এর প্রেম নিয়ে সুনীতার অভিযোগের পাল্টা অভিনেতার!

মরাঠি অভিনেত্রী কোমলের কাছে কৃতজ্ঞ গোবিন্দ। এক সাক্ষাৎকারে বলেছেন, “ধন্যবাদ কোমলকে। সুনীতার এত কথার পরেও তিনি নীরব।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪
হঠাৎ কেন মুখ খুললেন গোবিন্দ?

হঠাৎ কেন মুখ খুললেন গোবিন্দ? ছবি: ফেসবুক।

প্রেমে পড়েছেন গোবিন্দ! সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে কি সত্যি কথা বলেই ফেললেন অভিনেতা? অনেক দিন ধরেই তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাবি, গোবিন্দ নাকি মরাঠি অভিনেত্রী কোমলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারই জবাবে অভিনেতা জানিয়েছেন, এই বদনাম চিরকালীন!

গোবিন্দকে নিয়ে প্রেমের গুঞ্জন কি আজকের? নীলম কোঠারি দিয়ে শুরু। দিন এগিয়েছে। তালিকায় নাম উঠেছে করিশ্মা কপূর, রানি মুখোপাধ্যায়-সহ আরও অনেকের। তাই সুনীতা যখন অভিনেতা-স্বামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন, লোকে হয়তো বিশ্বাসও করেছে। তার পরেই, যা রটেছে তা-ই ঘটছে কি না, এই নিয়ে গত বছর থেকে চরম কৌতূহল বলিউডের অন্দরে। প্রায় রোজই গোবিন্দকে কাঠগড়ায় দাঁড় করান সুনীতা, অথচ অভিনেতা নীরব!

অবশেষে এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করেই বলেন, “কবে অপবাদ রটেনি আমার নামে? যে আমার নামে দোষ দিচ্ছে, সে আমার ছোটবেলার ভালবাসা। প্রেমের ক্ষেত্রে কোনও দিন সবটা নিখুঁত ভাবে হয়নি। আর কয়েক জনের মতে, এখনকার প্রেম নাকি বুড়ো বয়সের!” তার পরেই সপাট তিনি। জানিয়েছেন, কোনও দিন কোনও নায়িকাকে ‘খারাপ’ নজরে তিনি দেখেননি। দাবি করেছেন, “আমার বিপরীতে চার জন তারকা অভিনেত্রী, প্রাক্তন বিশ্বসুন্দরী (সুস্মিতা সেন) কাজ করছেন। তাঁদের জিজ্ঞাসা করে দেখুন, কোনও কুপ্রস্তাব দিয়েছি কি না!” আজীবন নায়িকাদের কেন বাড়তি সম্মান করেছেন তিনি, তার ব্যাখ্যাও দিয়েছেন। গোবিন্দের কথায়, “আমার মা অভিনেত্রী ছিলেন। কী করে নায়িকাদের সঙ্গে খারাপ আচরণ করব!”

তাই সুনীতার কথায় গোবিন্দ আহত। সে কথা স্পষ্ট জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষমা চেয়েছেন এই প্রজন্মের সমস্ত অভিনেত্রীর কাছে। বলেছেন, “আমি সব নবাগতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, যে ধরনের কথা আমায় নিয়ে ছড়ানো হচ্ছে, তাতে আমার সঙ্গে কাজ করতে আপনারা হয়তো ভয় পাবেন। কিন্তু আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই।” পাশাপাশি, ধন্যবাদ জানিয়েছেন মরাঠি অভিনেত্রী কোমলকেও। বিনোদনদুনিয়ায় অনেক লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কোমল। সে কথার উল্লেখ করে গোবিন্দ বলেছেন, “কোমলের কাছে কৃতজ্ঞ। সুনীতা আমায় জড়িয়ে ওঁকে নিয়ে এত কথা বলছে। তার পরেও কোমল নীরব।”

Sunita Ahuja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy