Advertisement
E-Paper

এক ছাদের  তলায় আলিয়া-রণবীর?

শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের শুরু থেকেই আলিয়া-রণবীরের প্রেমের শুরু। গত বছর মুখার্জী বাড়ির দুর্গাপুজোতেও আলিয়া-রণবীরকে একসঙ্গে দেখা যায়। সেখানে তাঁদের সঙ্গে বন্ধু অয়ন মুখোপাধ্যায়ও ছিলেন।

শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০০:০১
রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া

সোনম কপূরের বিয়েতে হাই প্রোফাইল অতিথির অভাব ছিল না। কিন্তু সকলকে ছাপিয়ে লাইম গ্রিন লেহঙ্গা ও সাদা শেরওয়ানি শোভিত হয়ে তাঁরা যখন প্রবেশ করলেন, সব ক্যামেরা সে দিকেই ঘুরল। আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আগে থেকেই ছিল, কিন্তু সে দিন যেন সিলমোহর পড়ল। হাই প্রোফাইল দুই পরিবার এবং বলিউডের অন্যতম প্রতিভাবান দুই তারকা... তাঁদের সম্পর্কের দিকে সকলের নেকনজর তো থাকবেই!

দুই সুদর্শন তারকা একসঙ্গে শুটিং করছেন অয়ন মুখোপাধ্যায়ের সুপারহিরো ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এ। তবে এটাই প্রথম বার নয় যে, রণবীর ও আলিয়া একফ্রেমে এলেন। তখন অবশ্য আলিয়া নেহাতই বালিকা। সঞ্জয় লীলা ভন্সালী একটি ছবির জন্য তাঁদের নিয়ে ফোটোশুট করেছিলেন। তখন আলিয়ার বয়স ১২ এবং রণবীর ২২। ছবির নাম ছিল ‘বালিকা বধূ’। যদিও সেই ছবি ফ্লোরে কোনও দিনই আসেনি। ভাগ্য রণবীর এবং আলিয়াকে আবার একসঙ্গে নিয়ে এল ‘ব্রহ্মাস্ত্র’য়।

শোনা যাচ্ছে, ছবির শুটিংয়ের শুরু থেকেই আলিয়া-রণবীরের প্রেমের শুরু। গত বছর মুখার্জী বাড়ির দুর্গাপুজোতেও আলিয়া-রণবীরকে একসঙ্গে দেখা যায়। সেখানে তাঁদের সঙ্গে বন্ধু অয়ন মুখোপাধ্যায়ও ছিলেন। এ বছর মার্চে আলিয়ার জন্মদিন পালন করা হয়েছিল বুলগেরিয়ায়, ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে। সেখানে নীতু কপূরও পৌঁছে যান এবং আলিয়া-রণবীরের সঙ্গে জন্মদিন পালন করেন। গত সপ্তাহে দুই তারকা হাতে হাত রেখে সোনম কপূরের বিয়ের রিসেপশনে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে দু’জনের বডি ল্যাঙ্গোয়েজ ছিল দেখার মতো!

কপূর পরিবারের এই সুদর্শন অভিনেতাকে আলিয়া যে খুবই পছন্দ করেন, সেটা তাঁরা একসঙ্গে কাজ করার আগেও বেশ কয়েক বার বলেছিলেন আলিয়া। কর্ণ জোহরের চ্যাট শোয়ে কফি খেতে খেতে তিনি বলেছিলেন, ‘তুমিই (কর্ণ) ‘রকস্টার’ রিলিজ়ের পর রণবীরকে ফোন করে আমাকে বলেছিলে, ‘ওর সঙ্গে কথা বলো। ওকে বলো, হাউ মাচ ইউ লাভ হিম!’ তার পর আমি রণবীরকে যে কী আবোলতাবোল বলেছিলাম... তার পর ওর সঙ্গে অনেক বার হ্যাংআউট করেছি। আমার এখনও মনে হয়, রণবীর খুব মিষ্টি এবং আই স্টিল ওয়ান্ট টু ম্যারি হিম।’

শোনা যাচ্ছে, আলিয়া এবং রণবীরের সম্পর্ক নিয়ে কপূর ও ভট্ট পরিবারও খুশি। এ ক্ষেত্রে অবশ্য একটা অন্য রকম অঙ্কও কাজ করছে বলে নিন্দুকদের মত। তবে তাঁরা আদৌ সাত পাকে বাঁধা পড়বেন কি না, সে অনেক দূরের প্রশ্ন... আপাতত আলিয়া চুটিয়ে উপভোগ করছেন জীবন। পর পর ছবি হিট, বক্স অফিসের আশীর্বাদ, সমালোচকদের প্রশংসা... আর তাই কখনও তাঁর নামের পাশে বসছে সিদ্ধার্থ মলহোত্র, তো কখনও রণবীর কপূরের নাম। সিদ্ধার্থের ক্ষেত্রে আলিয়া সে ভাবে মুখ না খুললেও, রণবীরকে বিয়ে করার কথা মজার ছলে হলেও বারবার বলেছেন। আরও একটা কথা বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে। মুম্বইয়ে রাতের পাপারাৎজ়ির ক্যামেরায় আলিয়া এবং বলিউডের আরও এক নামী নায়ককে নাকি ঘনিষ্ঠ অবস্থায় বেশ কয়েক বার দেখা গিয়েছে। সেই নায়কের প্রেমিকা অবশ্য দিন কয়েক আগেই কান-এ গ্ল্যামারের দ্যুতি ছড়াচ্ছিলেন।

এ সবের পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, আলিয়া এবং রণবীর দু’জনে লিভ-ইন রিলেশনে আছেন। তবে মহেশ ভট্টের আদুরে কন্যে নাকি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে রেখেছেন, রণবীর শুধুই তাঁর সহ-অভিনেতা। তার বেশি কিছু নয়।

তাঁদের সম্পর্কের সত্যি-মিথ্যে বেরিয়ে পড়বে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেলেই।

Ranbir Kapoor Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy