Advertisement
E-Paper

একসময় শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চাননি! হঠাৎ বাদশার প্রশংসায় পঞ্চমুখ, কী হল কঙ্গনার?

কঙ্গনা একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন। তার কারণ, খানদের বিপরীতে অভিনয় করলে কখনওই তিনি প্রাথমিক গুরুত্ব পাবেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৫:২৫
শাহরুখের ভূয়সী প্রশংসায় কঙ্গনা!

শাহরুখের ভূয়সী প্রশংসায় কঙ্গনা! ছবি: সংগৃহীত।

একসময় স্পষ্ট জানিয়েছিলেন, শাহরুখ খানের সঙ্গে ছবিতে অভিনয় করতে ইচ্ছুক নন। আর আজ শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রনৌত। ‘লক আপ সিজ়ন ২’-এর ষষ্ঠ পর্বে হাজির হন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা। রিয়্যালিটি শো-এর ১৫ জন প্রতিযোগীকে নিয়ে একে একে মন্তব্য করেন তিনি। সেই সময়ে ধীরজ ধূপরকে কড়া ভাষায় একহাত নেন তিনি।

ধীরজ নাকি শাহরুখের সঙ্গে নিজের তুলনা টেনেছেন। সেই প্রসঙ্গে ধীরজের উদ্দেশে কঙ্গনা বলেন, “তুমি তো বলেছিলে যে, তুমি শাহরুখ খান। জানো, শাহরুখ খানের সবচেয়ে বড় গুণ কী? ওর উপস্থিতিই প্রধান চরিত্রের মতো। সব সময়েই ওর নায়কোচিত উপস্থিতি। কিন্তু তোমার মধ্যে সেই নায়কোচিত উপস্থিতি একেবারেই নেই। তুমি ক্রমশ সবার পিছনে চলে যাচ্ছ।”

এর পরে সহ-সঞ্চালক ফরাহ খান বলেন, ধীরজের মধ্যে সেই ভাবে উদ্দীপনা নেই। একটি মাত্র পর্বেই তাঁকে সক্রিয় দেখা গিয়েছিল। তা ছাড়া, ধীরজকে নাকি রিয়্যালিটি শো-এর আর এক প্রতিযোগী রাম কপূর প্রভাবিত করেছেন, যিনি নাকি সারাদিন ঘুমিয়ে কাটান বলে দাবি ফরাহের।

ধীরজকে ধমক দিতে গিয়ে শাহরুখ খানের প্রশংসা করেছেন কঙ্গনা। অথচ একসময় বলি বাদশার সঙ্গে কাজ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে কোনও ছবিতেই জুটি বাঁধেননি কঙ্গনা। একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, তিন খানের সঙ্গে তিনি জুটি বাঁধতে আগ্রহী নন। তার কারণ, খানদের বিপরীতে অভিনয় করলে কখনওই তিনি প্রাথমিক গুরুত্ব পাবেন না। শুধুমাত্র নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বার বার ফিরিয়েছেন কঙ্গনা।

তবে ‘ইমার্জেন্সি’ মুক্তির সময়ে কঙ্গনা জানিয়েছিলেন, তিনি এই তিন খানকে নিয়ে তৈরি ছবি পরিচালনা করতে চান। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, “আমি বলিউডের তিন খানকে কোনও ছবিতে পরিচালনা কেন করব না? ভাল চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। আমি মনে করি, ওঁদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওঁরা। তাই ওঁদের সঙ্গে কাজ করতে পারলে ভালই লাগবে।”

বলিউডের তিন খানের সঙ্গে অভিনয় না করলেও, তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। উল্লেখ্য, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’।

Kangana Ranaut Shah Rukh Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy