Advertisement
E-Paper

ছিলেন আড়ালে, ‘গত দু’মাস ধরে নিজেকে সারিয়ে তুলেছি’, কোন রোগে আক্রান্ত অভিনেত্রী সুমনা চক্রবর্তী?

সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে সুমনা লেখেন, “অনেকদিন পর সকলের মাঝে ফিরতে পেরে খুশি। গত দু’মাস যেন একটা পাথরের নীচে লুকিয়ে ছিলাম।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৬:২৫
অসুস্থ ছিলেন সুমনা।

অসুস্থ ছিলেন সুমনা। ছবি: সংগৃহীত।

বেশ কিছুদিন ধরেই প্রচারের আলো থেকে দূরে অভিনেত্রী ও কৌতুকশিল্পী সুমনা চক্রবর্তী। সমাজমাধ্যমেও সক্রিয় ছিলেন না তেমন। অবশেষে নীরবতা ভাঙলেন। জানালেন নিজের শারীরিক অবস্থার কথা। সুমনা জানান, গত ৪ মে এন্ডোমেট্রিয়োসিসের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে।

সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে সুমনা লেখেন, “অনেকদিন পর সকলের মাঝে ফিরতে পেরে খুশি। গত দু’মাস যেন একটা পাথরের নীচে লুকিয়ে ছিলাম। ইচ্ছে করেই বেশিরভাগ সময় সমাজমাধ্যম থেকে দূরে ছিলাম। ৪ মে আমার এন্ডোমেট্রিয়োসিসের অস্ত্রোপচার হয়। বহু বছর ধরে এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেশ অস্ত্রোপচার করাতেই হল।”

অস্ত্রোপচারের পর গত দু’মাস ধরে শারীরিক ও মানসিক ভাবে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করেছেন বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “গত দু’মাস ধরে শুধু সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছি— শরীর এবং মন, দু’দিক থেকেই। এখন বলতে পারি, আমি ভাল আছি।”

চিকিৎসক এবং হাসপাতালের চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, তাঁদের জন্যই নতুন করে সুস্থ জীবন ফিরে পেয়েছেন। এই ঋণ তিনি কোনও দিন শোধ করতে পারবেন না বলেও উল্লেখ করেন।

নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনার কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি সহানুভূতি বা প্রচারের জন্য এই কথা বলছি না। এই অভিজ্ঞতা আমার জীবনকে অন্য ভাবে দেখতে শিখিয়েছে।”

এই কঠিন সময় তাঁর সমাজমাধ্যম ব্যবহারের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে বলে জানান সুমনা। একসময়ে নাকি তাঁর মনে হয়েছিল যে, হোয়াট্‌সঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ফোন থেকে পুরোপুরি মুছে ফেলবেন। কিন্তু পরে বুঝেছেন, বাস্তবে তা সম্ভব নয়। কারণ, তাঁর কাজ, পরিবার, বন্ধু এবং জীবন— সবই রয়েছে। তবে সমাজমাধ্যমে লাইক, কমেন্ট বা ফলোয়ারের সংখ্যা বাড়ানোর দৌড়ে তিনি কখনও ছিলেন না বলেই দাবি সুমনার। বরং তিনি এমন একটি গোষ্ঠী তৈরি করতে চান, যেখানে একই ধরনের ভাবনা-চিন্তার মানুষ, বিশেষ করে মহিলারা, একসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন।

সেই তালিকায় রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, এন্ডোমেট্রিয়োসিস, সুস্থ জীবনযাপন, ভ্রমণ, বই, গাছপালা, পোষ্য, খাবার, অবিবাহিত থাকার সিদ্ধান্ত, স্বাধীন জীবনযাপন, সন্তান না নেওয়ার সিদ্ধান্তের মতো একাধিক বিষয়। যদিও কী ভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি বলে জানিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘কমেডি নাইট্‌স উইথ কপিল’ অনুষ্ঠান স়ঞ্চালক কপিল শর্মার স্ত্রী মঞ্জু শর্মার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান সুমনা। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘খতরোঁ কে খিলাড়ি ১৪’-এ।

Sumona Chakravarti Endometriosis Kapil Sharma Show

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy