Advertisement
E-Paper

সাগরে ঘনাল নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দিঘায় জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র

উত্তরবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত সেখানকার আট জেলাতেই রয়েছে দুর্যোগের সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়িতে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৬:৫৬
দিঘায় জলোচ্ছ্বাস।

দিঘায় জলোচ্ছ্বাস। — নিজস্ব চিত্র।

বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা আরও শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে রবিবার। দিঘার ৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। তার প্রভাবে রবিবার সকাল থেকে দিঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। রবিবার থেকে তিন দিন উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। মাইকিং করে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবারও তিন জেলায় সেই পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও।

আলিপুর আবহাওয়া দফতর দুপুর ১টায় যে বুলেটিন প্রকাশ করেছে, তা থেকে জানা গিয়েছে, উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে সেটি। ওড়িশার বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব তার অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে থাকবে। রাজস্থান থেকে উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মরসুমি অক্ষরেখা। নিম্নচাপ ও মরসুমি অক্ষরেখার যৌথ প্রভাবেই আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় চলবে টানা বর্ষণ।

রবিবার সকালে দিঘায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

রবিবার সকালে দিঘায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। — নিজস্ব চিত্র।

নিম্নচাপের প্রভাবে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী (১১ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই তিন জেলায় কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে ঝড়বৃষ্টি।

রবিবার সকাল থেকেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ। সেই কারণে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দিঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে ক্রমাগত মাইকিং করে সতর্ক করা হচ্ছে লোকজনকে। আগামী তিন দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। দমকা ঝড়ের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গেও চলবে ঝড়বৃষ্টি। আগামী শনিবার পর্যন্ত সেখানকার আট জেলাতেই রয়েছে দুর্যোগের সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়িতে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Depression in Bay of Bengal Rain Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy