মুম্বইয়ে ভরা বর্ষা। রবিবার সারাদিন ধরেই অবিরাম বৃষ্টি পড়ে চলেছে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বান্দ্রার নরগিস দত্ত রোডে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা আটকে যায়। ফলে কিছুক্ষণের জন্য আটকে যায় অম্বানী পরিবারের কনভয়। জানা গিয়েছে, ওই সময় তাঁরা অভিনেতা আমির খান এবং তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রবিবার, ৫ জুলাই, অভিনেতার বান্দ্রার বাসভবনে বসে বিয়ের আসর।
রবিবার সকাল থেকেই মুম্বইয়ের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। সমস্যা হচ্ছে যান চলাচলেও। এরই মধ্যে ঝোড়ো হাওয়ায় নরগিস দত্ত রোডে একটি গাছের ডাল ভেঙে পড়ে। ফলে সাময়িক ভাবে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় ওই পথ দিয়েই যাচ্ছিল অম্বানী পরিবারের কনভয়। কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার করে ডাল সরিয়ে ফেলা হয় এবং গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কনভয়।
আমিরের বিয়েতে অম্বানী পরিবারের উপস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে। বলিউড এবং শিল্পজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তির এই ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আমিরের বাড়িতে পৌঁছে যান তাঁর পরিচালক বন্ধু আশুতোষ গোয়ারীকর। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা গোয়ারীকর। বিয়ের অনুষ্ঠানের শুরুতেই পৌঁছে যান তাঁরা।
আরও পড়ুন:
এই নিয়ে তৃতীয় বার বিয়ে করছেন আমির। অন্য দিকে, গৌরীর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির। ২০২১ সালে ১৬ বছরের সেই দাম্পত্যজীবনের ইতি টানেন তাঁরা। তাঁদের এক ছেলে রয়েছে, নাম আজ়াদ। তারও আগে, ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। আমির ও রিনার দুই সন্তান— জুনেইদ খান এবং আইরা খান।