জল্পনাটা অনেকদিন ধরেই চলছিল। তবে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের ঘোষণা করলেন প্রাক্তন আপ সাংসদ রাঘব চড্ঢা। সমাজমাধ্যমে জনপ্রিয়তার নিরিখে রীতিমতো তাবড় অভিনেতা-অভিনেত্রীদের টেক্কা দেন রাঘব। কিন্তু, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সমাজমাধ্যমে কটাক্ষের শিকার তিনি। এমনকি রাতারাতি সমাজমাধ্যমে প্রায় সাড়ে চার লক্ষ অনুসরণকারীকে হারিয়েছেন তিনি। এ বার রাঘবের এ হেন সিদ্ধান্তকে কটাক্ষ করলেন অভিনেতা প্রকাশ রাজ।
আরও পড়ুন:
দক্ষিণী রাজনীতির সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত প্রকাশ রাজ। বিজেপি বিরোধী বলেই পরিচিত তিনি। আম আদমি পার্টি ছেড়ে রাঘবের বিজেপি-তে যোগদানের যুক্তিকে কটাক্ষ করেন। একটি ব্যঙ্গাত্মক পোস্ট ভাগ করে নেন যাতে লেখা, ‘‘ব্যাপারটা এমন যেন, আমি পুলিশের চাকরি ছাড়ছি কারণ পুলিশ তাদের নীতিগত আর্দশ থেকে বিচ্যুত হয়েছে। তাই আমি এ বার দাউদ ইব্রাহিমের দলে নাম লেখালাম।’’ তিনি একেবারে আক্রমণাত্মক ভাষায় রাঘবকে বিদ্ধ করেন। রাঘবের পদবি বিকৃত করেও খোঁটা দেন।
বিজেপিতে যোগদানের কারণ হিসাবে রাঘব জানান, যে দলটিকে তিনি নিজের রক্ত আর ঘাম দিয়েছিলেন, সেই দল তাদের নীতি থেকে বিচ্যুত হয়েছে। রাঘবের কথায়, ‘‘যে আপ-কে আমি নিজের রক্ত আর ঘাম দিয়ে লালন করেছি, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি, সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ থেকে সরে গিয়েছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না। বরং ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কাজ করে। একটি ভুল দলের জন্য আমি সঠিক লোক ছিলাম।’’ যদিও প্রকাশ রাজের কটাক্ষ শুনে প্রশ্ন তুলেছে নেটমাধ্যমের একাংশ। কেউ প্রকাশকে কটাক্ষ করে বলেন, ‘‘আসলে বাড়িতে উনি কথা বলতে পারেন না।’’ কেউ আবার প্রকাশকে তাঁর ভাষা সংশোধনের হুঁশিয়ারি দিয়েছেন। আবার কেউ কেউ প্রকাশের পক্ষে রাঘবের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন।