মেয়ে মালতী মেরিকে ‘মির্যাকল বেবি’ বলে ডাকেন প্রিয়ঙ্কা চোপড়া। দিনকয়েক আগে নিক জোনাসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসে জানান, মেয়ের জন্মের সময় নানা জটিলতা তৈরি হয়েছিল। প্রাণসংশয়ও ছিল। তবে সব বাধা পেরিয়ে তারকাদম্পতির কোলে আসে মালতী। দেখতে দেখতে তার বয়স চার। কিন্তু, আবার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় প্রিয়ঙ্কা। নিলেন কড়া সিদ্ধান্ত।
মেয়ের জন্মের এক বছর পরে তাকে প্রকাশ্যে আনেন প্রিয়ঙ্কা। তার পর থেকে বিভিন্ন সময় মালতীর নানা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন। সেগুলি সমাজমাধ্যমে পোস্টও করেছেন। মেয়েকে নিয়ে যত বার ভারতে এসেছেন, পোজ় দিয়েছেন প্রিয়ঙ্কা। কিন্তু সেটাই যেন কাল হল। প্রিয়ঙ্কার উপলব্ধি, মেয়েকে এ ভাবে জনসমক্ষে আনার সিদ্ধান্ত সঠিক ছিল না। যার কারণে গত মাসকয়েক ধরেই মালতীর ছবি পোস্ট করলেও মুখ ঢেকে দেন। প্রিয়ঙ্কা জানান, দিনকয়েক আগে মালতী যখন স্কুল থেকে ফিরছিল, তখন তার ছবি তুলতে থাকেন কয়েক জন। অবস্থা এমন হয় যে, সেই ছবিশিকারিরা পিছু নিতে নিতে বাড়ি পর্যন্ত চলে আসেন!
প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমি নিজের জীবনকে সর্বক্ষণ জনসমক্ষে রাখার সিদ্ধান্ত নিজে নিয়েছি। কিন্তু, আমার মেয়ে তো সেই সিদ্ধান্ত নেয়নি। সে কেন সারাক্ষণ সবার চোখের সামনে থাকবে? হতেই তো পারে, ও কখনওই ক্যামেরার সামনে আসতে চাইল না।’’ মালতীকে অনুসরণের ঘটনার পরে যথেষ্ট চিন্তায় পড়েন তারকাদম্পতি। তাই এই ঘটনার পরে প্রিয়ঙ্কা তাঁর বিশাল বাড়িতে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন। তবে অভিনেত্রী মানেন যে, তাঁর সন্তানকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহ থাকবে। কিন্তু, অভিভাবক হিসাবে মেয়ের জীবন কতটা সকলের সামনে আসবে তার একটা সীমা বজায় রাখাও দরকার বলে মনে করেন তিনি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই মালতীকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়ঙ্কা-নিক।