বিতর্কে অভিনেত্রী কীর্তি কুলহারি। পরিচারিকা ও রন্ধনশিল্পীর বেতন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্য মোটেই ভাল ভাবে নেননি নেটাগরিক। তার পরেই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। ঠিক কী বলেছেন কীর্তি?
মুম্বইয়ে নতুন বাড়িতে আসার পরে একজন গৃহসহায়িকা যে বেতন চেয়েছিলেন, তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। নিজেই জানিয়েছিলেন কীর্তি। এখান থেকেই সমস্যার শুরু। অভিনেত্রী বলেছিলেন, “আমি আমার আপ্তসহায়কের সঙ্গেও এটা নিয়ে কথা বলছিলাম। আমি নতুন বাড়িতে এসেছি। সেখানে রন্ধনশিল্পী ও গৃহসহায়িকার যে বেতন বলা হল, আমি অবাক! ভাবছিলাম, এই বেতন কী ভাবে যুক্তিযুক্ত হতে পারে?”
এর পর তাঁকে জিজ্ঞাসা করা হয়, ঠিক কী কী কাজের জন্য কত টাকা চেয়েছিলেন তাঁরা? উত্তরে কীর্তি জানান, তিনি চেয়েছিলেন দু’ ঘণ্টার মধ্যে ঘর ঝাঁট, মোছামুছি, বাসন ধোওয়া, ধুলো পরিষ্কার, কাপড় কাচা— যতটা সম্ভব কাজ হয়। অভিনেত্রীর কথায়, “দুই ঘণ্টার কাজের জন্য আমি চাইছিলাম। দুই ঘণ্টার কাজ! আর তার জন্য ১০ হাজার টাকা? তখন আমাদের মনে হচ্ছিল, আমাদের দেখে কি ওদের মনে হচ্ছে যে, এদের তো টাকা আছেই, একটু বেশি চাইলেই দিয়ে দেবে?”
কীর্তির এই মন্তব্য ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। তার পরেই কটাক্ষের মুখে পড়তে থাকেন তিনি। অনেকেই জানান, মুম্বইয়ে গৃহসহায়িকাদের জন্য ১০ হাজার টাকা বেতন খুবই স্বাভাবিক। মাসিক এমনই পারিশ্রমিক নিয়ে থাকেন তাঁরা। কেউ কেউ আবার অভিযোগ করেন, কীর্তি পরিচারিকা ও রন্ধনশিল্পীদের শ্রমের মূল্য ঠিক মতো বুঝতেই পারেননি।
সঞ্চালিকা মিনি মাথুর খোঁচা দিয়ে কীর্তিকে লিখেছেন, “ভাবুন তো, ওই দুই ঘণ্টার কাজ আমাদের নিজেদের কত ভাবে সাহায্য করে! বিশ্বের অন্য কোথাও এটা ন্যূনতম মজুরির থেকেও কম।”