Advertisement
E-Paper

শুটিংয়ে ‘লাইট কেয়ারটেকার’দের দাদাগিরির অভিযোগ! মিটিংয়ের পর কী বক্তব্য প্রযোজক ও ‘ইম্পা’র?

মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রের প্রথম দিনের শুটিংয়ে বাধার অভিযোগ। সেটেই এক টেকনিশিয়ানকে মারধরের অভিযোগ জানিয়েছিলেন প্রযোজক রানা সরকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:৩০
Producer Rana Sarkar and EIMPA President Piya Sengupta opens up about ongoing problem of lightcaretaker on shooting dloor

(বাঁ দিকে) রানা সরকার, পিয়া সেনগুপ্ত (ডান দিকে)। —ফাইল চিত্র।

শুক্রবার বিকেল থেকে আবার জটিলতা শুরু। মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রের প্রথম দিনের শুটিংয়ে বাধার অভিযোগ ওঠে। সেটেই এক টেকনিশিয়ানকে মারধরের অভিযোগ জানিয়েছিলেন ছবির প্রযোজক রানা সরকার। ঘটনার সব বিবরণ দিয়ে অভিযোগ করেছিলেন ‘ইম্পা’র সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে। শনিবার সেই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন রানা এবং পিয়া। কী অনুরোধ জানালেন স্বরূপকে?

পিয়া বলেন, “শুক্রবার একটি ঘটনা ঘটেছে। প্রযোজকেরা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে ছবি তৈরি করেন। তাঁরা কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফেডারেশনে ‘লাইট কেয়ারটেকার গিল্ড’-এর অ্যাফিলিয়েশন নেই। তাদের দাদাগিরি সহ্য করব কেন? ফেডারেশন প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসা করব, তিনি থাকতে এই ঘটনা কী ভাবে ঘটতে পারে? আমরাই কাজ বন্ধ করে দেব, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে। কী ভাবে ছবি বানাব? যে কেউ এসে তো গায়ে হাত তুলে দেবে!”

পিয়া এবং রানা দু’জনেরই বিশ্বাস, ফেডারেশন সভাপতি নিশ্চয়ই এই বিষয়টি খতিয়ে দেখবেন। পিয়া যোগ করেন, “ফেডারেশন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করব, এই ধরনের আচরণ হবে তিনি কি জানতেন? হঠাৎ করে কেন এই ঘটনার মুখোমুখি হতে হল? তিনি থাকার পরে প্রথম বার এমন ঘটনা! এ ভাবে চলতে পারে না। এই পরিবেশে কাজ করা সম্ভব নয়। স্বরূপ বিশ্বাস দায়িত্বশীল মানুষ। তিনি বিষয়টা দেখবেন আশা করি।” এই ঘটনার প্রসঙ্গে আনন্দবাজার ডট কম–এর তরফে অনেক বারই স্বরূপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, ‘‘যখনই কোনও সমস্যা হয়েছে ফেডারেশনের মধ্যস্থতায় তার সমাধান হয়েছে। এই বার যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। অবশ্যই বিষয়টা খতিয়ে দেখব আমি৷’’

প্রযোজক রানা এ বিষয়ে বলেন, “এটা পরিকল্পিত ঘটনা। ফেডারেশন প্রেসিডেন্টের উচিত, তদন্ত করে বার করা ঠিক কী হয়েছে। বাবাই নামের একজন প্রোডাকশন ম্যানেজার সবাইকে ফোন করে বলেছেন, আজ (শনিবার) কাজে না আসতে। ‘প্রোডাকশন ম্যানেজার গিল্ড’ কী ভাবে ইউনিটকে ফোন করে কাজ করতে বারণ করতে পারেন? ‘ক্যামেরা গিল্ড’-এর একজন সদস্যই এই কাজ করছেন। ফেডারেশনের দু’-তিনজন সদস্য এমন আচরণ করছেন কেন? আমাদের প্রোডাকশন ম্যানেজার লাগবে না। আমরা ‘ইপি’ (এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার) দিয়ে কাজ করে নেব। মাননীয় সভাপতি, আপনি আগে নিয়ন্ত্রণ করুন!” শনিবারেও দুই ঘণ্টা শুটিং বন্ধ ছিল বলে খবর। ‘লাইট কেয়ারটেকার’রাই সমস্যা তৈরি করেছিলেন বলে অভিযোগ। খবর, তখন স্বরূপ বিশ্বাস জানান যে, শুটিং বন্ধ হবে না। পরে অবশ্য ফেডারেশনের তরফে জানানো হয়, ‘লাইট কেয়ারটেকার’দের দায়িত্ব তাদের নয়।

EIMPA Piya Sengupta Rana Sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy