Advertisement
E-Paper

স্টুডিয়োপাড়ার অচলাবস্থা কাটাতে নতুন পদক্ষেপ পাপিয়া অধিকারীর, গঠন করলেন সাত সদস্যের কমিটি?

টালিগ়ঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারির দাবি, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরেও স্টুডিয়োপাড়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টেকনিশিয়ানদের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২২:০১
কী পদক্ষেপ করলেন পাপিয়া?

কী পদক্ষেপ করলেন পাপিয়া? ছবি: সংগৃহীত।

৪ মে রাজ্যে পালাবদলের পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই আঁচ পড়েছে বিনোদনজগতেও। টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারির দাবি, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরেও স্টুডিয়োপাড়ায় এখনও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টেকনিশিয়ানদের। তাই তিনি সাত জনের নতুন কমিটি তৈরি করেছেন।

সেই কমিটিতে রয়েছেন কারা? বিজেপি বিধায়কের দলের তরফে জানানো হয়েছে, এই কমিটিতে আছেন, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, পরিচালক অতনু বসু, চিত্রগ্রাহক সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শিল্প নির্দেশক উজ্জ্বল সরকার-সহ আরও তিন জন। এই প্রেক্ষিতে পাপিয়া বলেন, “টালিগঞ্জে খুবই অচলাবস্থা চলছে। ফেডারেশন নেই। যে যেমন খুশি কাজ করছেন। অনেকে কাজ পাচ্ছেন না। স্বরূপ বিশ্বাসের দল এখনও জুলুম করছে। এটা বন্ধ হওয়ার দরকার। সরকার যত ক্ষণ না স্থিতিশীল ব্যবস্থা করছে, তার আগে পর্যন্ত টালিগঞ্জের বিধায়িকা হিসাবে আমি এই পদক্ষেপ করেছি। কারণ যাঁরা আমার কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁরা মূলত টালিগঞ্জ এলাকারই বাসিন্দা।”

কিছু দিন আগে তথ্য সংস্কৃতি দফতরের তরফে উপদেষ্টা মণ্ডলী গঠনের কথা জানানো হয়েছিল। পাপিয়ার এই কমিটির সঙ্গে কি সেই মণ্ডলীর কোনও যোগ রয়েছে? এ প্রসঙ্গে বিজেপি বিধায়িকার বক্তব্য, “তথ্য সংস্কৃতি দফতর অনেক বড় আকারে পদক্ষেপ করার কথা ভেবেছে। আমি শুধুমাত্র টালিগঞ্জ এলাকার বাসিন্দা, যাঁদের মধ্যে কেউ টেকনিশিয়ান, কেউ অভিনেতা, তাঁদের সমস্যার কথা শুনেছি। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। বিধায়িকা হিসাবে আমার অধিকারের মধ্যে পড়ে। তাই এই পদক্ষেপ করেছি।” তাই পরিচালনা, ক্যামেরা, শিল্প নির্দেশনা, ব্যবস্থাপনা, পরিষেবা এবং অভিনয়— প্রায় সব ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করেছেন তিনি। টলিপাড়ার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার দায়িত্ব দিয়েছেন সদস্যদের কাঁধে।

Tollywood BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy