Advertisement
E-Paper

‘করোনা পরিস্থিতি আমার এই মনন তৈরি করেছে’, মানুষের সেবার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংস্থা গড়লেন জীতু

জীতু জানান, প্রায় দেড় বছর ধরে এই কাজ চলছে। করোনা পরিস্থিতি তাঁকে এমন কিছু করার কথা ভাবতে সাহায্য করে। তাই নতুন উদ্যোগ নিয়েছেন নায়ক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:৫০
জীতুর নতুন প্রয়াস।

জীতুর নতুন প্রয়াস। ছবি: সংগৃহীত।

করোনা পরিস্থিতি তাঁকে বাস্তব দেখতে, অনুভব করতে শিখিয়েছিল। সেখান থেকেই নিজের স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলার ভাবনা তৈরি হয় অভিনেতা জীতু কমলের মনে। নায়কের সেই ভাবনা এ বার বাস্তবায়িত হতে চলেছে। ‘জীতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন অভিনেতা। তাঁর সংস্থা কাদের নিয়ে কাজ করবে?

জীতু জানান প্রায় দেড় বছর ধরে এই কাজ চলছে। করোনা পরিস্থিতি তাঁকে এমন কিছু করার কথা ভাবতে সাহায্য করে। অভিনেতা বলেন, “গত কয়েক বছরে অনুরাগীদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। প্রতি দিন প্রচুর উপহার পাই। এমনকি অনেকে টাকাও পাঠান। তা নেহাতই কম অঙ্কের টাকা নয়। একটা সময়ের পরে আমার মনে হল মানুষের এত ভালবাসা, এই টাকা যদি ভাল কাজে ব্যবহার করতে পারি, তা হলে তো মন্দ হয় না। কিছু মানুষের মুখে হাসি ফুটবে। বছরের শেষে অডিটেও বোঝা যাবে টাকাপয়সার হিসাব।”

গত কয়েক বছরে টলিপাড়ার অনেক শিল্পী অভিনয়ের পাশাপাশি নিজেরা নানাধরনের ব্যবসায় মন দিয়েছেন। কেউ প্রযোজনা সংস্থা খুলেছেন। কেউ আবার নিজের জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থা শুরু করার কথা ভাবলেন কেন? জীতু বলেন, “করোনা আমাকে শিক্ষা দিয়েছে। আমার মনন তৈরি করেছে। আমি প্রযোজনা সংস্থাও খুলব, তবে সেটা শুধুই ব্যবসার নিরিখে নয়। কিন্তু সেখান থেকে যা রোজগার হবে, সেই টাকা আমি কত জমাব? আমার পরিবার ভাল আছে। আমি ভাল ভাবে থাকি। এসি গাড়ি চড়ি। ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোয় বিশ্বাসী নই আমি। ঘরকে ঠিক রেখেছি। এ বার বাকি যা আছে শুধুমাত্র জমিয়ে কী করব? আগামী কে দেখেছে?”

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনীক দত্ত, অরুণ রায়ের আকস্মিক মৃত্যু তাঁকে আরও বেশি ভাবতে বাধ্য করেছে। জীতু যোগ করেন, “অরুণদা চলে যাওয়ার পরে অনুভব করি, ধীরে ধীরে একা হয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে বেঁধে থাকতে চাই। আমার সংস্থা দান নয়, সেবা করবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শিক্ষায় শিক্ষিত হয়।” শুধু দুঃস্থদের সাহায্যের মাধ্যমে নয়, বিভিন্ন ক্ষেত্রে সমাজকে উন্নত করার দায়িত্বও নেবে জীতুর সংস্থা। এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ক্ষেত্রের সফল পেশাদার। জীতু জানান, টালিগঞ্জের টেকনিশিয়ানদের পাশেও থাকার চেষ্টা করবে তাঁর সংস্থা। ১১ জুলাই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু করবে জীতুর নতুন প্রয়াস। ইতিমধ্যেই সংস্থার রেজিস্ট্রেশন-সহ বাকি সব কাজকর্মই সারা হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, সদ্য একটি ধারাবাহিকের কাজ শেষ করেছেন জীতু। এখন আপাতত নিজের স্বেচ্ছাসেবী সংস্থার কাজ নিয়েই মগ্ন অভিনেতা। অভিনয়ে আগামী কাজ নিয়ে এখনই কিছু খোলসা করেননি তিনি।

Jeetu Kamal jeetu NGO Actor Tollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy