কয়েক মাস আগে দিশা পটানীর সঙ্গে সম্পর্কের গুঞ্জনে শিরোনামে উঠে এসেছিলেন তলবিন্দর। কিন্তু এ বার নিজেই বিতর্কে জড়ালেন পঞ্জাবি শিল্পী। পাকিস্তানি শিল্পীর সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার জেরে কটাক্ষের শিকার হলেন তলবিন্দর।
সম্প্রতি টরন্টোতে পাকিস্তানি শিল্পী হাসান রহিমের গানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তলবিন্দর। মঞ্চে উঠে হাসানের সঙ্গে গানও গেয়েছেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এমনকি, তলবিন্দর নিজেও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন, “টরন্টোয় এসে আমার ইচ্ছা পূরণ হল।” তার পর থেকেই শুরু বিতর্ক।
২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর থেকে ভারতে নিষিদ্ধ পাক শিল্পীরা। ভারতের শিল্পীরাও যাতে কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে জোট না বাঁধেন, সেই নির্দেশও দেওয়া রয়েছে। তাই হাসানের সঙ্গে তলবিন্দরকে দেখে শুরু হয়েছে বিতর্ক। এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “এই হাসান রহিম আমাদের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মশকরা করেছিলেন। তাঁরই অনুষ্ঠান দেখতে গিয়েছেন তলবিন্দর। পঞ্জাবিদের একাংশ কেন পাকিস্তানিদের এত ভালবাসে?”
হাসানের সঙ্গে তলবিন্দর। ছবি: সংগৃহীত।
আর এক ক্রুদ্ধ নেটাগরিক তলবিন্দরকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “এটা কোনও ঠাট্টা ইয়ার্কি নয়। এটা আমাদের দেশের বিষয়। মাথায় রাখবেন। এর পরে আর আপনাকে কেউ বোঝাতে আসবে না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, তলবিন্দর একজন পঞ্জাবি গায়ক-গীতিকার। পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন মোড়কে তৈরি করেন তিনি। তবে নিজের খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবন মেলাতে চান না, তাই মুখোশে ঢেকে রাখেন মুখ। দেশ-বিদেশে বহু অনুষ্ঠান করেন তলবিন্দর। ছবিতেও গান গেয়েছেন তিনি। কর্ণ অজুলা, হনী সিংহের মতো শিল্পীদের সঙ্গে জোট বেঁধেও বেশ কিছু কাজ করেছেন তলবিন্দর। শিল্পীর ‘খয়াল’, ‘নশা’ গানগুলি নতুন প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। শোনা যায়, তলবিন্দর বর্তমানে দিশার সঙ্গেই সম্পর্কে আছেন।